নামেই সিটি করপোরেশনের বাসিন্দা

উত্তর সিটিতে নতুন ১৮টি ওয়ার্ডের চিত্র বদলায়নি চার বছরেও। দক্ষিণ সিটিতে ১১৫০ কোটি টাকার উন্নয়নকাজ। পরিকল্পিতভাবে করার তাগিদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু বৃষ্টিতেই জমে যায় পানি। বস্তা ফেলে যাতায়াতের বিকল্প উপায় তৈরি করেছেন বাসিন্দারা। গতকাল রাজধানীর উত্তর সিটির তুরাগের বামনারটেক এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন (গুলশান-২) থেকে বেরাইদ এলাকার দূরত্ব ৮ কিলোমিটার। চার বছর আগে এই এলাকা করপোরেশনের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে এখন পর্যন্ত সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বালু নদের কোল ঘেঁষে অবস্থিত এই জনপদে পানি উঠে যায় সামান্য বৃষ্টি হলেই। মূল সড়ক বাদে অলিগলির প্রায় সব সড়কই ভাঙাচোরা। সন্ধ্যার পরই বিদ্‌ঘুটে অন্ধকার নেমে আসে পুরো এলাকায়।

বেরাইদ এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ নম্বর ওয়ার্ডে পড়েছে। দীর্ঘ বছর বেরাইদ ইউনিয়ন পরিষদে
থাকা এই এলাকা ২০১৭ সালের জুলাই মাসে উত্তর সিটির সঙ্গে যুক্ত হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, নামেই তাঁরা সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়েছেন। গত চার বছরে দৃশ্যত উন্নয়ন হয়নি। সিটি করপোরেশনের পুরোনো ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে এই এলাকার পরিস্থিতি তুলনা করলে তাঁরা অনেক পিছিয়ে আছেন।

সাবেক বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, বেরাইদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর—এই আটটি ইউনিয়নকে ১৮টি ওয়ার্ডে রূপান্তর করে ২০১৭ সালের জুলাই মাসে ঢাকা উত্তর সিটির সঙ্গে যুক্ত করা হয়। এর আগে ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পর উত্তর সিটির সঙ্গে প্রথম দিকে যুক্ত হয় ৩৬টি ওয়ার্ড। নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হওয়ায় উত্তর সিটিতে এখন ওয়ার্ড ৫৪টি।

অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে বেরাইদের অবস্থা যে একেবারেই তলানিতে, তা ঢাকা উত্তর সিটির নথিতেও উঠে এসেছে। নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের জন্য স্বল্পমেয়াদি স্থানীয় অঞ্চল পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করেছে ডিএনসিসি। সংস্থাটির নগর-পরিকল্পনা বিভাগ এই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করেছে।

ওয়ার্ডভিত্তিক উন্নয়নের কাজের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে উন্নত এবং অনুন্নত এলাকায় তুলনামূলক একটি চিত্র দেখানো হয়েছে। এতে উল্লেখ করা হয় ৪২ নম্বর ওয়ার্ডটির (বেরাইদ) ৮৪ দশমিক ৬৩ শতাংশ এলাকা অনুন্নত। দ্বিতীয় অবস্থায় আছে ৪১ নম্বর ওয়ার্ড (সাঁতারকুল)। এই ওয়ার্ডের ৮০ দশমিক ৫০ শতাংশ এলাকা অনুন্নত। এখানকার কাউন্সিলর আবদুল মতিন গতকাল রাতে এলাকার অবস্থা সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘সিটির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একটি ইটের কাজও করতে পারিনি। মানুষজন বিক্ষুব্ধ হয়ে রয়েছে। বাঁচতে হলে রাস্তাঘাট ন্যূনতম চলাচলের উপযোগী করতে হবে।’

খানাখন্দে ভরা সড়কটি এখন অনেকটাই ফিটফাট। বিদ্‌ঘুটে অন্ধকার সড়কে লেগেছে সড়কবাতি। গতকাল দক্ষিণ সিটির খিলগাঁওয়ের নন্দীপাড়া-ত্রিমোহনী সংযোগ সড়কে
ছবি: দীপু মালাকার

বেরাইদের পাটনিপাড়ার মুদিদোকানি আনোয়ারুল প্রথম আলোকে বলেন, রাস্তাঘাটের কাজ করা দরকার। ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। বালু নদের পাশের এলাকা হওয়ার পরও সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। তিনি জানান, বিএনপি সরকারের আমলে (২০০১-০৬) ড্রেনেজ লাইনের কাজ হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি।

সরেজমিন ঘুরে, কথা বলে জানা গেছে, উত্তর সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর চিত্র কমবেশি ৪২ নম্বর ওয়ার্ডের মতোই। ৫৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা আশরাফ হোসেন ঢালী বলেন, রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ যে সেখানে যানবাহন তো দূরের কথা, মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না।

কাঁচা রাস্তা ৩৮০ কিলোমিটার

ঢাকা উত্তর সিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮ ওয়ার্ডে মোট সড়কের আয়তন ১ হাজার ৮২ কিলোমিটার। এর মধ্যে এখনো কাঁচা সড়ক আছে ৩৭৯ দশমিক ৫৮ কিলোমিটার, যা মোট সড়ক যোগাযোগের ৩৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এর বাইরে আধা পাকা সড়ক আছে ২২৩ দশমিক ২০ কিলোমিটার, আর পাকা সড়ক আছে ৪৭৯ দশমিক ৪৫ কিলোমিটার। ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে এমন চিত্রই পেয়েছে ঢাকা উত্তর সিটি।

সম্প্রতি ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ পূর্বপাড়া, বড় বেরাইদ ভূইয়াপাড়া, চান্দারটেক, চিনাদিপাড়া, পানটিপাড়াসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মূল সড়ক বাদে বাকি সড়কের অবস্থা বেহাল। ওয়ার্ডের চিনাদিপাড়া এলাকার বাসিন্দা শাহাবুদ্দীন প্রথম আলোকে বলেন, একসময় এই এলাকায় বেশির ভাগ জমিতেই চাষাবাদ হতো। কিছু জমি পানির নিচে তলিয়ে থাকত। এসব জমিতে ঘরবাড়ি নির্মাণ করতে গিয়ে কেউ সড়কের জন্য একটু জায়গাও রাখেননি।

উত্তর সিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ৪৪ নম্বর ওয়ার্ডের দোবাদিয়া রোড, ৪৬ নম্বর ওয়ার্ডের চামুড়খানসহ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেল, সড়কের কোথাও ইট বিছানো। কোথাও কাঁচা রাস্তা আছে। ইউনিয়ন পরিষদের সময় কিছু কিছু এলাকায় রাস্তার সংস্কার করার পর আজ করা হয়নি। এসব সড়কে যানবাহন চলাচলের স্বাভাবিক অবস্থাও নেই।

পার্ক নেই, শৌচাগার একটি

ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে কোনো পার্ক নেই। এমনকি এই ১৮টি ওয়ার্ডে গণশৌচাগার আছে একটি। এ ছাড়া বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে এসব এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নেই। নতুন উন্নয়ন পরিকল্পনায় ৭১টি এসটিএস তৈরির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ১৬টি আধুনিক পশু জবাইখানা ও ১২টি নতুন কবরস্থান তৈরিরও প্রস্তাব করা আছে। তবে কত বছরের মধ্যে এসব কাজ বাস্তবায়ন করা হবে, তা এখনো ঠিক হয়নি।

৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম ভূইয়া জানালেন, পার্ক নেই তবে পূর্বাচল কাছে হওয়ায় মানুষজন সেখানে বেড়াতে যাচ্ছে।

কোণঠাসা কাউন্সিলররা

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পরও দৃশ্যমান কোনো কাজই করতে পারেননি নতুন যুক্ত হওয়া ওয়ার্ডের কাউন্সিলররা। করপোরেশনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বোর্ড সভায় এই নিয়ে আক্ষেপও করেছেন অনেকে। অনেকে ফেসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশও করেছেন।

মানুষের ‘বকা’ খেতে খেতে ঘরেও থাকতে পারছেন না বলে ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান। গত ২৯ জুলাই বিকেলে একটি নর্দমার পাশে দাঁড়িয়ে ফেসবুক লাইভে সেদিন আনিছুর বলেন, ‘সুয়ারেজের পানি, এটা ড্রেন না রাস্তা বোঝার উপায় নেই। মানুষের কাছে জবাবদিহি করতে করতে, বকা খাইতে খাইতে ঘরে থাকতে পারছি না। এই রাজধানী ঢাকায় আমরা কীভাবে বসবাস করি, একটু দেখে যান।’

উত্তরে অর্থ ছাড় হয়নি

নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে গত বছরের জুলাই মাসে ৪ হাজার ২৫ কোটি ৬২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জানতে চাইলে সংস্থার তত্ত্বাবধায়ক খন্দকার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীকে ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুন মাস নাগাদ ৩০০ কোটি টাকার কাজ বাস্তবায়ন করার পরিকল্পনা আছে।

ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একনেকে টাকা অনুমোদন দেওয়া হলেও গত বছর অর্থ ছাড় হয়নি। এই অর্থবছরে মাত্র ৮০ কোটি টাকা পেয়েছেন। এই টাকা খুবই সামান্য। তবু আমরা দ্রুত উন্নয়নকাজের চেষ্টা করে যাচ্ছি।’

দক্ষিণে ১১৫০ কোটি টাকার কাজ

২০১৭ সালে দক্ষিণ সিটির সঙ্গেও ১৮টি ওয়ার্ড যুক্ত হয়েছিল। তবে দক্ষিণ সিটি এলাকায় প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এতে সেখানকার নাগরিকেরা সুফল পাওয়াও শুরু করেছেন। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নকাজটি ইতিবাচক। তবে এটি আরও পরিকল্পিতভাবে করলে সঠিক সুফল পাওয়া যেত।

দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডের সঙ্গে সাবেক শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে যুক্ত করে মোট ৭৫টি ওয়ার্ড করা হয়।

দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ জানায়, নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে দুটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। এসব এলাকার ২৪৯ দশমিক ২৪ কিলোমিটার সড়ক, ২৩৩ দশমিক ৪৪ কিলোমিটার নর্দমা, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ফুটপাত এবং ৬টি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এসব এলাকায় এখন পর্যন্ত ৮ হাজার ২০১টি সড়কবাতি বসানো হয়েছে। তবে এসব এলাকায় এখনো অন্তত ৫০০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

দক্ষিণ সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৮টি ওয়ার্ডে নিজস্ব তহবিলের ২৮ কোটি টাকা খরচ করে ১৮টি এসটিএস নির্মাণের কাজ শুরু হয়েছে।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ হলেন, এসব ওয়ার্ডে সড়কবাতি স্থাপনের জন্য প্রায় ১০০ কোটি টাকার একটি প্রকল্প এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আরেকটি প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা করা হচ্ছে।

দ্রুত পরিকল্পিত উন্নয়নকাজ শুরু হোক

দুই সিটির সঙ্গে ৩৬টি ওয়ার্ড যুক্ত হওয়ার পরপরই পরিকল্পনা তৈরি করে উন্নয়নকাজ শুরু করা উচিত ছিল বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর ওই সব এলাকার ভূমি ব্যবহারে পরিবর্তন এসেছে। তাই এসব এলাকায় দ্রুত পরিকল্পিত উন্নয়নকাজ শুরু করা দরকার। তা না হলে তুলনামূলক কম জনবসতি এলাকা হিসেবে পরিচিত এসব ওয়ার্ডে মূল ঢাকার মতোই অপরিকল্পিত নগরায়ণ শুরু হয়ে যাবে।