নারিন্দার দুটি লেনে দুই মাস ধরে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারিন্দার শাহ সাহেব ও ভগবৎ​ সাহ শঙ্খনিধি লেনে নর্দমা নির্মাণের জন্য প্রায় দুই মাস ধরে সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
নারিন্দার শাহ সাহেব ও ভগবৎ​ সাহ শঙ্খনিধি লেনে নর্দমা নির্মাণের জন্য প্রায় দুই মাস ধরে সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

পুরান ঢাকার নারিন্দার শাহ সাহেব ও ভগবৎ সাহা শঙ্খনিধি লেনে নর্দমা নির্মাণের জন্য প্রায় দুই মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি। এতে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। হেঁটে চলাচল করতেও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, নর্দমার নির্মাণকাজের শুরুর পর থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ। সড়ক খুঁড়ে মাটি স্তূপ করে রাখা হয় সড়কের ওপর। এর ফলে বৃষ্টি হলেই এ সড়কে হাঁটা কঠিন হয়ে পড়ে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
দয়াগঞ্জ নতুন সড়ক থেকে নারিন্দা রোড পর্যন্ত (ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ও বেকারি) সড়কটির দক্ষিণ অংশ হলো শাহ সাহেব লেন। আর সড়কের উত্তর প্রান্তটি ভগবৎ সাহা শঙ্খনিধি লেন। গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, পুরো সড়কটি মাঝ বরাবর কেটে নর্দমা নির্মাণ করা হচ্ছে। দয়াগঞ্জ নতুন সড়ক থেকে সাধু যোসেফের কারিগরি বিদ্যালয় পর্যন্ত সংস্কারকাজ শেষ হয়েছে। সড়কের খোঁড়া অংশে ইট–পাথর ও বালু ফেলছেন শ্রমিকেরা। সড়কের দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পাশ থেকে নারিন্দা রোড পর্যন্ত নর্দমা নির্মাণে খোঁড়াখুঁড়ি করছেন ১৫-২০ জন শ্রমিক। খোঁড়াখুঁড়ি করে মাটি ও বালু স্তূপ করে রাখা হয়েছে সড়কের ওপরই। এতে সড়কে যান চলাচল বন্ধ আছে। শিশু-বৃদ্ধসহ সবাইকে হেঁটে চলাচল করতে হচ্ছে।
শাহ সাহেব লেনের স্থানীয় বাসিন্দা মো. জাফর হোসেন বলেন, আগে সড়কটি তেমন বেশি ভাঙাচোরা ছিল না, কিন্তু নর্দমা নির্মাণের নামে পুরো সড়ক কেটে ফেলা হয়েছে। সেই মাটি আবার সড়কের ওপর স্তূপ করা রাখা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি মহল্লার এক বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই সড়কে যান চলাচল না করায় অ্যাম্বুলেন্স বাসার সামনে আনা যায়নি। তাঁকে কোলে করে অন্য সড়কে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হয়েছে। শিগগির সড়কটি যান চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
ঈদের আগে সড়কে পিচ ঢালাই দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন এই কাজের ঠিকাদার সোহেল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, নর্দমার নির্মাণকাজ শেষ পর্যায় আছে। এখন খোঁড়াখুঁড়ি অংশে ইট-বালু ফেলা হচ্ছে। তা পরিপূর্ণভাবে বসতে কিছুদিন সময় লাগবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্মাণকাজ শেষ করা হবে।