দেশের নারী আন্দোলনের সফলতার পেছনে গণমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করছে। গণমাধ্যম আন্দোলনের খবর প্রকাশ করে আন্দোলনে শক্তি জুগিয়ে চলছে। গণমাধ্যমকে আরও সাহসী পদক্ষেপ নিতে হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদের প্রচার ও গণমাধ্যম উপপরিষদের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের কলম ও ক্যামেরা দুটোই নারীর ক্ষমতায়নের পক্ষে এবং নির্যাতনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করেছে। ভবিষ্যতেও করবে। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমে উপস্থাপনের সময় নারীকে মানুষ হিসেবে বিবেচনা না করলে নারীর সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে না। ধর্মের নামে চালানো নারী নির্যাতনের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও সাহসী হতে হবে।আতিকুল হক চৌধুরী বলেন, ‘নারীর ওপর যে নির্যাতন চালানো হয়, সে বিষয়টি গণমাধ্যমে সব সময় সমবেদনা সৃষ্টির উদ্দেশে বা আবহে প্রকাশ করা হয়। কিন্তু নির্যাতনকারীর ছবি প্রকাশ, কেন নির্যাতন করল সে বিষয়গুলো গণমাধ্যমে তেমন একটা থাকে না।’ সেমিনারে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, গণমাধ্যম ইতিহাসের ভাষা তৈরি করছে। গণতন্ত্রের কার্যক্রম পর্যালোচনা করছে। নিয়ন্ত্রণের কাঠি গণমাধ্যমের কাছে আছে। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ না থাকলে নারী আন্দোলন সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তিনি আরও বলেন, গণমাধ্যমে হেনার ছবি প্রকাশ করা হচ্ছে। কিন্তু হেনার এ পরিণতির পেছনে যে বর্ণচোরা গোষ্ঠী আছে, তাদের সম্পর্কে বা তাদের ছবি প্রকাশ করা হচ্ছে না। স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, গণমাধ্যমের ভূমিকা বহুমুখী। পরিষদের নারী আন্দোলনের সঙ্গে গণমাধ্যম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের প্রচার ও গণমাধ্যম সম্পাদক কাজী সুফিয়া আখ্তার।