মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সক্ষমতা বৃদ্ধি করতে পারলে পোশাকশিল্পের মতো ক্ষুদ্র নারী উদ্যোক্তারাও এ দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার জয়িতা ফ্লোরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা এবং তাঁদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করার চেষ্টা চলছে। গতকাল জয়িতায় দোকান বরাদ্দ পাওয়া মহিলা অধিদপ্তরের ১৬টি সমিতির সদস্যদের ৩১ লাখ টাকা ঋণ দেয় আইএফআইসি ব্যাংক।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, গত দুই বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৫ হাজার নারী উদ্যোক্তাকে ১৩০টি শ্রেণীতে ১০ শতাংশ সুদে চার হাজার ৫০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার বলেন, জাতিসংঘ জেন্ডার সমতা আনার কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক এ গফুর, আইএফআইসি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবদুল্লাহ বক্তব্য দেন। তাঁরা বলেন, নারীরা যথাযথভাবে ঋণের টাকা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে ঋণ পেতে কোনো সমস্যা হবে না। বিজ্ঞপ্তি।