‘নারী দিবসের শতবর্ষে করো অঙ্গীকার, বৈষম্য-শোষণ ও সহিংসতামুক্ত বিশ্বে থাকবে নারীশ্রমের স্বীকৃতি ও সমঅধিকার’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে সমাবেশ করেছেন নারীশ্রমিকেরা। সমাবেশে তাঁরা জাতীয় নারী উন্নয়ন নীতি ’৯৭ ঘোষণা ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলেন।কর্মজীবী নারী আয়োজিত সমাবেশ শেষে বেলুন ও পতাকা সাজে সজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শত বছর পূর্ণ হবে। গতকাল কর্মজীবী নারী আয়োজিত সমাবেশে নারী দিবসের সূচনার সময় থেকে বাড়ি ও কর্মক্ষেত্রে নারীর অবদান ও শ্রমকে স্বীকৃতি দেওয়া, সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে আবারও দাবি জানানো হয়।কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, সমাজ গঠনের হাতিয়ার নারীশ্রমিক। তাঁর শ্রম সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে শত বছর আগে নারীরা যেসব দাবিতে আন্দোলনে নামেন, এখনো নারীদের সেই দাবিতেই লড়াই করতে হচ্ছে। গরিব অ্যান্ড গরিব গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৩ নারীশ্রমিক লাশ হয়ে তারই প্রমাণ দিয়ে গেছেন।সমাবেশ সঞ্চালনা করেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক এবং ঘোষণাপত্র পড়ে শোনান সংগঠনের সমন্বয়ক আরিফা আক্তার। এতে জাগরণের গান পরিবেশন করেন গণসংগীতশিল্পীরা। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ—বিলস ‘সব কর্মক্ষেত্রের নারীশ্রমিকের মাতৃত্বকালীন সুরক্ষা’ স্লোগান সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে নারী অধিকার সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করেছে। একই সময় ও একই জায়গায় নারীশ্রমিক, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজনও করে এই সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহে নারীশ্রমিকের মাতৃত্বকালীন সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাতৃত্বকালীন সুরক্ষা নিয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।নারীগ্রন্থ প্রবর্তনা, উবিনীগ ও অধিকার ‘নারীর সংগ্রাম ও আন্দোলনের ১০০ বছর উদ্যাপন’ উপলক্ষে কাল শনিবার থেকে ৮ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে। কাল মোহাম্মদপুর (মিরপুর রোডে) নারীগ্রন্থ প্রবর্তনার সামনে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কালো কাপড় পরে নারীদের প্রতিবাদ ও নারী দিবস পর্যন্ত প্রবর্তনায় সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন যৌথভাবে নারী দিবসে বিকেল তিনটায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে।