নারী এনজিওকর্মীসহ দুজনকে হত্যার অভিযোগ
রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তিরা হলেন এনজিওকর্মী খাদিজা আক্তার ওরফে নিশা (১৮) ও জেনারেটর ব্যবসায়ী মোসাব্বির হোসেন মুসা (৩৫)। পুলিশ সূত্র জানায়, খাদিজা আক্তার নিশা ২০৩/১, পুরোনো কচুক্ষেতের বেসরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ভ্রাম্যমাণ শিশু নিবাসন’-এর তত্ত্বাবধানকারী ছিলেন। তিনি ওই অফিসেই থাকতেন। গতকাল সকালে কাফরুল থানার পুলিশ অফিসের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সহকর্মী আমিরুল ইসলামকে আটক করেছে।মৃত খাদিজার খালা রুমা আক্তার অভিযোগ করেন, এক বছর ধরে খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন আমিরুল ইসলাম। খাদিজা এতে রাজি না হওয়ায় তাঁকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন খাদিজা। এতে ক্ষিপ্ত হয়ে আমিরুল তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।ঘটনা তদন্তকারী কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, খাদিজার পরিবারের অভিযোগের ভিত্তিতে আমিরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ এই মৃত্যু রহস্যজনক বলে মনে করছে। খাদিজার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার টঙ্গীবাড়িয়ায়। তাঁর বাবার নাম মনিরুজ্জামান।আরেকটি হত্যার অভিযোগ: গত মঙ্গলবার রাতে গুলশান থানার শাহজাদপুরে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে পড়ে মারা যান জেনারেটর ব্যবসায়ী মোসাব্বির হোসেন মুসা (৩৫)। নিহত মুসার পরিবারের অভিযোগ, বন্ধুরা ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছেন। পুলিশ ও নিহত মুসার পারিবারিক সূত্র জানায়, মুসা সপরিবারে ১৪, শাহজাদপুরে থাকতেন। রাতে তিনি বন্ধুদের সঙ্গে নির্মাণাধীন কনফিডেন্স টাওয়ারের ছাদে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে সেখান থেকে তিনি নিচে পড়ে মারা যান।ভগ্নিপতি আবদুল হান্নানের অভিযোগ, মুসা প্রায়ই তাঁর বন্ধু জাকির, মিন্টু, পিপল ও তাজ আকবরের সঙ্গে সন্ধ্যার পর ওই ভবনে আড্ডা দিতেন। মঙ্গলবার রাতে আড্ডা দেওয়ার সময় বন্ধুরা তাঁকে ফেলে দিয়ে হত্যা করেন। গতকাল বুধবার রাতে গুলশান থানার ওসি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা কিংবা কেউ গ্রেপ্তার হয়নি।