নারী ও শিশু পাচার আইন যুগোপযোগী করার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার নারী ও শিশু পাচার আইন যুগোপযোগী করার পরিকল্পনা করছে। গতকাল বৃহস্পতিবার সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) আয়োজিত গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিডব্লিউসিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ইশরাত শামীম ‘বাংলাদেশে নারী ও শিশু পাচারের পরিস্থিতি এবং ভিকটিমের প্রতি যৌন হয়রানি’ শীর্ষক এ গবেষণাটি করেন এবং অনুষ্ঠানে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন।ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইশরাত শামীম জানান, গবেষণায় দেশের ৩৮টি জেলার নারী ও শিশু পাচারের প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার নারী ও শিশুরা যৌনবাহিত রোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। পাচারকারীদের সঙ্গে রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সুসম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা মন্তব্য করেন, এ ধরনের গবেষণা পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অ্যানেসভাড ফাউন্ডেশনের এশিয়া ইউনিটের সমন্বয়কারী অলাজ লানডা জানান, পাচারকে একটি স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে পাচারের শিকার ও পাচারের ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের ফাউন্ডেশন থেকে সহায়তা দেওয়া হচ্ছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতেমা বলেন, দেশের প্রচলিত আইনটি পাচারকারীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এ ধরনের গবেষণা পাচার প্রতিরোধে নিয়োজিত সংস্থাগুলোর কর্মপরিকল্পনা গ্রহণেও দিকনির্দেশনা দিতে পারে।অনুষ্ঠানে পপুলেশন কাউন্সিলের দেশীয় পরিচালক ওবায়দুর রহমান রব, সিডব্লিউসিএসের নির্বাহী পরিচালক শিরীন হাসান আলোচনায় অংশ নেন।