নারী ও শিশুদের সমস্যা দূর করা শুধু ওই মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য প্রয়োজন সরকারের সব মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টা।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ কথা বলা হয়। সভায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।সভায় গার্মেন্টসে কর্মরত নারীশ্রমিকদের আবাসনের ব্যবস্থা, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং গৃহকর্মীদের শ্রমকে শ্রমনীতিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়। সভায় বলা হয়, শুধু ঢাকা নয়, প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করতে হবে। বিভিন্ন পরীক্ষায় প্রতিবন্ধীদের পাস নম্বরও সাধারণ পরীক্ষার্থীদের চেয়ে এক ধাপ নিচে রাখতে হবে এবং তাঁদের অভিভাবকদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব বিষয়ে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, জিনাতুন নেসা তালুকদার, এম এ মান্নান ও নাসরিন জাহান সভায় অংশ নেন।গতকালের সভায় নারী ও শিশুর কল্যাণমুখী এবং সংবেদনশীল বাজেট প্রণয়নে মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে আলোচনা হয়। বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার আগে কমিটিকে অবহিত করা এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।