নারী ছাড়া গণতন্ত্র ও উন্নয়ন টেকসই হবে না: মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, নারীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন ও অর্থবহ গণতন্ত্র সম্ভব নয়। কারণ, নারীরাই গণতন্ত্রের মূল চালিকাশক্তি। তিনি গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে মহিলা আইনজীবীদের সম্মেলনের সমাপনী অধিবেশনে ওই মন্তব্য করেন। খান ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন সাংসদ হাফিজ আহমেদ মজুমদার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহদীন মালিক।ড্যান মজীনা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে দেখতে চায়, যেখানে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি নারী-পুরুষসহ সব মানুষ সম-অধিকার ভোগ করবে।এদিকে সকালে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ বক্তব্য দেন। ফজলুল করিম বলেন, আইনজীবী পেশা নারীদের জন্য চ্যালেঞ্জিং হলেও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে হবে। নিজেদের পড়ালেখা, কর্মদক্ষতা এবং একজন যোগ্য নারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।