নারী জাগরণ যাত্রা শুরু আজ নারীশ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তির পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হলো ‘নারী জাগরণ যাত্রা’। এ যাত্রায় ২০ সদস্যবিশিষ্ট একটি নারী দল ও একটি সাংস্কৃতিক স্কোয়াড ঢাকা থেকে তেঁতুলিয়া যাত্রাপথে নারীমুক্তি বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাবে। বিভিন্ন স্থানে পথসভা, জনসভা, সমাবেশ, গণসংগীত পরিবেশন করে নারীর অধিকারের বিষয়গুলো জানাবে সবাইকে।গতকাল বুধবার নগরের মুক্তাঙ্গনে উদ্বোধন হয় নারী জাগরণ যাত্রার। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আন্তর্জাতিক নারী দিবস পালনের শতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে এ যাত্রা শুরু হয়।নারী জাগরণ যাত্রার উদ্বোধন করে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, নারীসমাজের মুক্তি ছাড়া মানবজাতির মুক্তি সম্ভব নয়। মানবমুক্তির পূর্বশর্তই হলো নারীমুক্তি। তাই শোষণের শিকার নারীদের মুক্তির সংগ্রামকে সামনে এগিয়ে নিতে হবে। মনজুরুল আহসান খান বলেন, মৌলবাদ ও পুঁজিবাদ হচ্ছে নারীর শত্রু। তাই নারীদের এই দুইয়ের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী। উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার প্রমুখ।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ ও বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশালের শায়েস্তাবাদ থেকে দুটি পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রা দুটি ৮ মার্চ ঢাকায় শেষ হবে। পদযাত্রা থেকে নারীর অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে।নারী দিবসের শতবর্ষ পালন উপলক্ষে কর্মজীবী নারী আজ বিকেল সাড়ে তিনটায় মুক্তাঙ্গনে নারীশ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রাটি বিকেল চারটায় শুরু হয়ে পল্টন-ডিআইটি-দৈনিক বাংলা হয়ে জিরো পয়েন্টে শেষ হবে। সমাবেশ ও শোভাযাত্রায় গণসংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করবেন।কানাডীয় হাইকমিশন ও এসিড সারভাইভরস ফাউন্ডেশন দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বারিধারার কানাডিয়ান ক্লাবে এসিড-আক্রান্তদের তৈরি পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে। নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কোনো কোনো সংগঠন মাস ও বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ৬০টি সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি ৮ মার্চ নারী দিবসে বেলা দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিকেল তিনটায় শহীদ মিনার থেকে শুরু করে প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা করবে। এ ছাড়া ফানুস ওড়ানো, বাংলা একাডেমীতে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বুকলেট তৈরি এবং মিডিয়াতে টক শোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে সামাজিক প্রতিরোধ কমিটির কর্মসূচি। সামাজিক প্রতিরোধ কমিটিভুক্ত ৬০টি সংগঠন সারা দেশে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।