নারী নির্যাতন প্রতিরোধ আইনে পৃথক ধারা যুক্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি প্রতিরোধে সার্বিক একটি আইন তৈরি সময়সাপেক্ষ ব্যাপার—এ মন্তব্য করে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বা দণ্ডবিধির ৫০৯ ধারায় যৌন হয়রানির সংজ্ঞাকে স্পষ্ট করে আলাদা কোনো ধারা সংযুক্ত করা যায় কি না তা সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের প্রয়োজনীয় আইন আছে। কিন্তু শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলা অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ডিআরইউ যৌথভাবে ‘জেন্ডার ও জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন প্রণয়ন’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।অনুষ্ঠানের কার্যকরী অধিবেশনে জেন্ডার-সমতাবিষয়ক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গীতি আরা নাসরিন বলেন, সমাজে নারী-পুরুষের বৈষম্যের জায়গাগুলো চিহ্নিত করতে হবে। পাঠ্যপুস্তক, গণমাধ্যম এবং বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের নীতিমালায় পরিবর্তন আনতে হবে।আরেকটি অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন মূলধারার সংবাদপত্রগুলোতেও নারীর যৌনতাকে ইঙ্গিত করে নারীবিষয়ক সংবাদ পরিবেশনার উদাহরণ তুলে ধরেন।সর্বশেষ কর্ম-অধিবেশনে ডিআরইউর সহসভাপতি আজমল হক গণমাধ্যম ও নারী সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সভার বিভিন্ন পর্বে আলোচনা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন প্রমুখ।