নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ৪৩৪ জন নারী বখাটেপনার শিকার হয়েছে এবং ২২ জন আত্মহত্যা করেছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে এ তথ্য দেওয়া। নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সংগঠনের নেত্রীরা নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।আজ ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এই দিনটিকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিলা পরিষদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি, ৬০টি সাংগঠনিক জেলা ও এক হাজার ৭২২টি তৃণমূল শাখা একযোগে ২৫ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন করবে। এ পক্ষের স্লোগান, ‘উত্ত্যক্ত, যৌন নিপীড়নকে না বলুন, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।’মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম সংবাদ সম্মেলনে বলেন, নারী নির্যাতন রোধে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০-এর ব্যাপক প্রচার দরকার। লিখিত বক্তব্যে মহিলা পরিষদের পক্ষ থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যানদের প্রতি দাবি জানানো হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন বেআইনি ফতোয়া, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেন। এ ছাড়া নারী ও শিশু পাচাররোধে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন এবং আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক সাহানা কবির, মাকছুদা আক্তার প্রমুখ। এদিকে কর্মজীবী নারী গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন রোধ করতে জাতীয় নারী উন্নয়ননীতি অনুমোদন এবং বাস্তবায়নের দাবি জানায়। সংগঠনটির সভাপতি শিরীন আখতার সাংবাদিকদের বলেন, সরকারের সামনে যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠন, পানি, বিদ্যুৎসহ নানা সমস্যা সমাধানের চ্যালেঞ্জ রয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, পরিচালক মাহমুদা ইমাম, সমন্বয়ক রাহেলা রব্বানী, সৈয়দা সেলিনা শেলী, রোকেয়া সুলতানা প্রমুখ।