রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারীকে শিক্ষিত ও আর্থিকভাবে স্বাবলম্বীও হতে হবে।গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংগঠন স্টেপ্স টুয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।সমাবেশে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর নিরাপত্তায় দেশে পর্যাপ্ত আইন আছে। তার পরও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনের শিকার হওয়ার পরে নয়, নির্যাতনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রতিরোধমূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে নারীকে ক্ষমতায়িত করতে হবে। আর নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত হলো শিক্ষা। স্টেপ্স টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকারের পরিচালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতিয়ারা নাসরীন প্রমুখ আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।