নারী নির্যাতন বন্ধে করণীয় বিষয়ে বিশ্বের তরুণেরা একত্র হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের গণ্ডি কোনো একক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বব্যাপী বিস্তৃতি ঘটায় এটি আন্তর্জাতিক উদ্বেগে পরিণত হয়েছে। এই জটিল সমস্যা বা নারী নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে বিশ্বের তরুণ সমাজ সম্মেলনে বসেছে।গতকাল বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্বের তরুণেরা নারী নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে কথা বলা শুরু করেছেন। বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী সদস্যরা নিজ নিজ প্রতিনিধিত্বকারী দেশে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি তা সমাধানে বিভিন্ন সুপারিশ উত্থাপন করবেন। সম্মেলনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব সুপারিশ মানতেও পারেন, আবার ভেটোও দিতে পারেন। তবে চার দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে ঐকমত্যের ভিত্তিতেই একটি সিদ্ধান্তে পৌঁছাবেন সদস্যরা।‘অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি অনুষ্ঠিত হচ্ছে দ্য মডেল ইউনাইটেড ন্যাশনস বা মডেল ইউএনের আদলে। জাতিসংঘ যে পদ্ধতিতে আলোচনা করে বা কাজ করে একটি সিদ্ধান্তে পৌঁছায়, সেই মডেল অনুসরণেই অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনটি। ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএনওয়াইএসএবি) প্রতিবছর জাতিসংঘ মডেলের আওতায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করে। তবে এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়কে গুরুত্ব দিয়ে সম্মেলনের আয়োজন করছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস বা সংক্ষেপে বিআইএমইউএন সম্মেলন আয়োজনে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দি ইউনাইটেড ন্যাশনস ইনফরমেশন সেন্টার (ইউএনআইসি) এগিয়ে এসেছে।আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনের সদস্যরাও জাতিসংঘের সাধারণ পরিষদের (জেনারেল অ্যাসেম্বলি) অর্থনৈতিক কমিটি, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কমিটি এবং নিরাপত্তা পরিষদে ভাগ হয়ে নারী নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ২০টি দেশের মোট ৩০০ তরুণ প্রতিনিধি অংশ নিয়েছেন। তাঁরা সবাই কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন।সম্মেলনে বাংলাদেশের কোনো তরুণ হয়তো ভারত বা সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন। তিনি বিভিন্ন তর্ক, বিতর্ক বা গবেষণা উপস্থাপন করে সেই দেশকেই সবার সামনে তুলে ধরবেন। জাতিসংঘের আদলে অন্য দেশগুলোকেও নিজ দেশ বা দলের পক্ষে টানার চেষ্টা চালাবেন।গতকাল সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে নারীকে মেরে ফেলা হচ্ছে। পড়াশোনা করতে চাওয়ায় হাতের আঙুল কেটে ফেলা হচ্ছে। পাকিস্তানে মালালা বা অন্যান্য দেশেও অনেক উদাহরণ আছে। ‘নারী নির্যাতন প্রতিরোধে পুরুষ ও ছেলেশিশুদের অংশগ্রহণ বাড়ানোরও তাগিদ দেন উপাচার্য।বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (জাতিসংঘ অনুবিভাগ) মহাপরিচালক সাঈদা মুনা তাসনিম, জাতিসংঘ তথ্যকেন্দ্রের কর্মকর্তা কাজী আলী রেজা এবং ইউএনওয়াইএসএবির প্রেসিডেন্ট নাফিজ ইমতিয়াজ আলোচনায় অংশ নেন।