নটর ডেম কলেজের শিক্ষার্থী নিলয় পালের মতে, নারীর পোশাক যৌন নির্যাতনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তবে বর্ণালী সাহা, তাসাফফি হোসেনসহ তরুণ প্রজন্মের অন্যদের মত হলো, ছয় বছরের শিশু থেকে ৫৯ বছরের নারীও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এভাবে সংলাপ যত এগিয়ে চলল, ততই নিলয় তাঁর নারীর পোশাক নিয়ে অবস্থান থেকে সরে গেলেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার আন্তপ্রজন্ম সংলাপে এভাবেই নারী নির্যাতনের বিষয়ে নানা ধরনের মতামত উঠে এল। আবার অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে নিজের বদ্ধমূল ধারণারও পরিবর্তন ঘটালেন কেউ কেউ। দুই প্রজন্মের মধ্যে নারী নির্যাতনকে কেন্দ্র করে যদি কোনো বিষয়ে মতভেদ থাকে, তা দূর করাই ছিল এ সংলাপের উদ্দেশ্য। তবে অনেক হতাশার মধ্যেও নারীদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগা শুরু হয়েছে, তা দুই প্রজন্মই স্বীকার করলেন। নবীন প্রজন্মের প্রতিনিধি জয়িতা জয়ী জানাল, পরিবারে মেয়ে সন্তানদের বিষয়ে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন ঘটছে।গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালন উপলক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এ আন্তপ্রজন্ম সংলাপের আয়োজন করে। ৩০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগীয় শহরে সংলাপ অনুষ্ঠিত হওয়ার পর গতকাল ঢাকা বিভাগের সংলাপের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সংলাপের সমাপ্তি ঘটে। দেশব্যাপী ‘নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ সংসার নারীবান্ধব রাখুন’ শীর্ষক এ সংলাপ আয়োজনে প্রথম আলো, চ্যানেল আই, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে।সংলাপ শুরুর আগে কুসুমের আত্মকথন নামে তথ্যচিত্র দেখানো হয়। সংলাপ সঞ্চালনা করেন আব্দুন নূর তুষার। সংলাপ শেষে মুখ্য আলোচকের বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী নির্যাতন বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ সংলাপের আয়োজন। প্রতিমন্ত্রী বলেন, ছেলেসন্তানের জন্মকে স্বাগত জানালেও মেয়েসন্তানের জন্মকে কেন স্বাগত জানানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে হবে। ছেলে ও মেয়েকে সমান সুযোগ দেওয়া হলে মেয়েরাও পরিবারের দায়িত্ব নিতে পারে, সে ধরনের উদাহরণগুলো গণমাধ্যমসহ সব জায়গায় তুলে ধরতে হবে।সংলাপে প্যানেল আলোচক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে আইন, নীতি ও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান।সংলাপ এবং দর্শকসারিতে বসা প্রতিনিধিদের আলোচনায় উত্তরাধিকার আইনে নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গৃহকাজসহ নারীর সব কাজের আর্থিক মূল্যায়নেরও দাবি তোলা হয়।মনোবিজ্ঞানী মেহতাব খানম বলেন, মেয়েরা জন্মের পর থেকে রাগ গিলতে গিলতে বড় হয়। সেই মেয়ে যখন শাশুড়ি হন, তখন তিনি সেই রাগের বহিঃপ্রকাশ ঘটান। ফলে বউ হিসেবে আসা আরেকজন নারী নির্যাতনের শিকার হন।উন্নয়নকর্মী জাকিয়া কে হাসান বলেন, পরিবারের ভেতরেই নারী ও পুরুষের মধ্যে বৈষম্যের সূত্রপাত ঘটে। তাই পরিবারকেই এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে।কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতির চিত্র তুলে ধরেন স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক শাইখ ইমতিয়াজ, ব্র্যাকের পরিচালক শিপা হাফিজা, আইনজীবী মাকছুদা আখতার, জোবায়দা পারভিন।