নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজিলাতুন নেসা বাপ্পি, সংসদের বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য
ফজিলাতুন নেসা বাপ্পি, সংসদের বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য

নারী নির্যাতন প্রতিরোধ করতে দেশে আইন থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি আছে। অন্যদিকে সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন না করে নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু আইন ও নীতি করলে তা কোনো কাজে আসবে না।
গতকাল মঙ্গলবার ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগ, সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা নারী নির্যাতন প্রতিরোধের জন্য এসব সুপারিশ করেন। তালাকের পর শুধু দেনমোহর পরিশোধ করলেই চলবে না, ওই নারী কত বছর সংসার করলেন, তা আর্থিক মূল্যায়নের আওতায় আনার সুপারিশ করা হয়। আদালত প্রাঙ্গণ যাতে নারীবান্ধব হয়, সে সুপারিশও গুরুত্ব পায়। নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে আলোচকেরা একমত হন।
আজ বুধবার ২৫ নভেম্বর দেশে পালিত হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস। এ ছাড়াও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ পক্ষ হিসেবে পালিত হবে। প্রতিবাদ দিবস এবং পক্ষকে সামনে রেখে প্রথম আলো, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। দাতা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় পরিচালিত প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রামের আওতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, বেশির ভাগ মানুষ আইন আছে বলে ভয়ে চুরি করছেন না, বিষয়টি এমন নয়। চুরি করছেন না নৈতিক মূল্যবোধের কারণে। একইভাবে সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন না করে নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু আইন ও নীতি করলে তা কোনো কাজেই আসবে না।
বৈঠকের আলোচকেরা জানান, সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) করেছে। তবে এ আইনের বিধি এখন পর্যন্ত প্রণয়ন হয়নি। আইনটির বিধি যাতে দ্রুত হয়, তা নিয়ে সংসদে কথা বলবেন বলে জানান ফজিলাতুন নেসা। নারী নির্যাতনের মামলাগুলো তদন্ত করার জন্য পৃথক একটি সেল গঠনেরও সুপারিশ করেন তিনি।
বৈঠকের মূল বক্তব্যে বিএনডব্লিউএলএর পরিচালক (আইন সহায়তা) তৌহিদা খন্দকার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক নিরোধ আইন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। এ ছাড়া ১০২টি ইউনিয়নে বিএনডব্লিউএলের তত্ত্বাবধানে পরিচালিত প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রকল্প এলাকায় এ দুটি আইনের আওতায় করা মামলার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
আলোচনায় জ্যেষ্ঠ জেলা জজ শামসুন নাহার বেগম তালাক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে যাতে দেনমোহর পরিশোধ করা হয়, তার বিধান করার সুপারিশ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এম আবদুল আলিম বলেন, ২০ বা তারও বেশি বছর সংসার করার পর অনেকের তালাক হয়ে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে সংসারে যে অবদান, তা মূল্যায়ন করে ওই নারীর হিস্যা বুঝিয়ে দিতে হবে।

প্রথম আলোর আয়োজনে এবং ইউএসএআইডি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদের সহযোগিতায় ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগ: সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা l প্রথম আলো
প্রথম আলোর আয়োজনে এবং ইউএসএআইডি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদের সহযোগিতায় ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগ: সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা l প্রথম আলো

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (তদন্ত ও প্রশাসন) মুক্তা ধর তাঁর বিভাগের মাধ্যমে নারীরা কী ধরনের সেবা পাচ্ছেন, তা তুলে ধরেন। তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেলেই নারীরা আইনের আশ্রয় নিতে আসেন। তাই মামলাগুলো ‘তৃতীয় চক্ষু’ দিয়েই বিবেচনা করতে হবে।
বিএনডব্লিউএলএর সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ ভিডিও কনফারেন্স বা অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারী নির্যাতন মামলায় চিকিৎসক বা সংশ্লিষ্টদের সাক্ষ্য নেওয়ার সুপারিশ করেন।
আইন ও বিচার বিভাগের উপসচিব উম্মে কুলসুম মামলা দায়ের থেকে নিষ্পত্তি পর্যন্ত পুলিশ, আইনজীবী, বিচারকসহ যাঁরা সংশ্লিষ্ট তাঁদের সমন্বয়ের বিষয়টিতে গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক হাসিনা বেগম জানালেন, বাল্যবিবাহ বন্ধ করার জন্য ১০ হাজারের বেশি শৌখিন বিবাহ নিবন্ধকের তালিকা করা হয়েছে। এখন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া হায়দার বলেন, ইচ্ছা থাকলেই যে ন্যায়বিচার পাওয়া সম্ভব, রাকিব ও রাজন হত্যা মামলায় তা প্রমাণিত হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার বলেন, ঘটনা যে কারণেই হোক, অনেক সময় মামলাকে পাকাপোক্ত করার জন্য যৌতুক মামলায় স্বামীসহ স্বামীর বাড়ির সবাইকে আসামি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত গিয়ে মামলাটি আর প্রমাণ করা সম্ভব হয় না। তাই এ বিষয়টিতেও সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিশেষ কৌঁসুলি আলী আসগর বলেন, অনেক ক্ষেত্রে ছেলে-মেয়ে প্রেম করে পালিয়ে যায়। মেয়ের অভিভাবক ছেলের পুরো পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা করে। মেয়ে একসময় বাবা-মায়ের কাছে চলে যায়। কিন্তু মামলাটি চলতেই থাকে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি খলিলুর রহমান সরদার আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগের বিষয়টিতে গুরুত্ব দেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইনসেবা বিভাগের সমন্বয়কারী মোজাহিদুল ইসলাম মামলা শেষ পর্যন্ত যাতে সেটি নজরদারির আওতায় থাকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়, সে সুপারিশ করেন।
বিএনডব্লিউএলএর আইনজীবী মিতালী জাহানও মামলার সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জবাবদিহির আওতায় আনার বিষয়টিতে গুরুত্ব দেন।