নারী নির্যাতন রোধে একসঙ্গে কাজ করতে হবে: বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নিকাট
বার্নিকাট

আবদুল মজিদ একজন দরিদ্র রিকশাচালক। তিনি তাঁর তিন মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। বড় মেয়েকে এসএসসি পড়ার সময় থেকে বিয়ে দেওয়ার চাপ ছিল। কিন্তু মেয়ের জেদ পড়াশোনা করার। তাই গরু বিক্রি করে মেয়েকে ভর্তি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গল্প এগিয়ে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যরা বাবা ও মেয়ের গল্পের মধ্যে ডুবে যান। ‘ইনার স্ট্রেন্থ’ নামের এ ডকুমেন্টারি ফিল্ম বা তথ্যচিত্রটি তৈরি করেছেন মোরশেদুল ইসলাম।
গতকাল রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে (ইএমকে সেন্টার) এ তথ্যচিত্র দেখানো হয়। আর এর মধ্য দিয়েই শেষ হয় জেন্ডার সেমিনার সিরিজ ও উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফিল্ম স্ক্রিনিং সিরিজ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন শুরু হয় গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি-বাংলাদেশ এবং উইমেন অ্যান্ড গার্ল লিড গ্লোবাল (ডব্লিউজিএলজি) প্রকল্প যৌথভাবে এ ক্যাম্পেইন পরিচালনা করে। ইনডিপেনডেন্ট টেলিভিশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল (আইটিভিএস) দেশীয় প্রেক্ষাপটকে সামনে রেখে বিভিন্ন তথ্যচিত্র বানায় এবং ক্যাম্পেইন বাস্তবায়ন করে।
যুব সমাজ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নারী নির্যাতন প্রতিরোধ, জেন্ডার বিষয়ে সচেতন করে তোলার চেষ্টা করা হয় এ ক্যাম্পেইনের মাধ্যমে। আর এ ক্ষেত্রে মূল হাতিয়ার ছিল তথ্যচিত্র। বছরব্যাপী ক্যাম্পেইনে তথ্যচিত্র দেখানোর পর শিক্ষার্থীরা আলোচকদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইনে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ ক্যাম্পেইন যাতে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কমিউনিটিতে পরিচালনা করা হয়, সে আহ্বানও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক (প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোমেসি) অ্যাঞ্জেলা পি এগেলার বলেন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে এগিয়ে যাওয়া ছাড়া নির্যাতনমুক্ত সমাজ গঠন করা কোনো দেশের পক্ষেই সম্ভব হবে না। এটা না হলে বৈশ্বিক উন্নয়নও সম্ভব নয়। অনুষ্ঠানে ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক পুরস্কার ‘নারী সাহসিকা ২০১৫’ প্রাপ্ত সাংবাদিক নাদিয়া শারমীন, শিক্ষার্থী খালেদ বিন মাসুদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।