নারী নির্যাতনের কারণে বছরে ১৪ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে
নারী নির্যাতনের কারণে বছরে ১৪ হাজার কোটি টাকার ওপর ব্যয় হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের ২ শতাংশের বেশি। কেয়ার বাংলাদেশের এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার এই তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পরামর্শক কানিজ সিদ্দিক নারীর প্রতি সহিংসতার ব্যয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, নারী নির্যাতনে জিডিপির ২ দশমিক ১৩ শতাংশ ব্যয় হচ্ছে, যা দেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারি ব্যয়ের প্রায় সমান। চিকিৎসা ব্যয়, পুলিশ-আদালতের কাছে যাওয়ার খরচ, কর্মহীনতা, ভিটেমাটি থেকে উৎখাত—এসবের আর্থিক মূল্যের ওপর ভিত্তি করে তিনি ওই হিসাব দেন।কেয়ার বাংলাদেশের গবেষণায় দিনাজপুর, সুনামগঞ্জ ও টাঙ্গাইলের ৫০০ পরিবারকে আওতাভুক্ত করা হয়। নির্যাতনের শিকার নারীর পরিবার গড়ে বছরে ১১ হাজার ৯০০ টাকা ব্যয় করছে। যে নির্যাতন করছে, তার খরচ হচ্ছে গড়ে দুই হাজার ৪৯২ টাকা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারীর প্রতি সহিংসতাবিষয়ক কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, নারী নির্যাতনের কারণে সরকারেরও আর্থিক ক্ষতি হয়। তিনি বলেন, ‘পুলিশের আসামি ধরা, আসামিকে জেলে রাখা, আদালতে উপস্থিত করা, এমনকি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক কর্মসূচি চালু করে আমাকে তার পরিচালক হিসেবে বেতন দেওয়ার ব্যয়ও এর অন্তর্ভুক্ত।’ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে রাশেদা কে চৌধুরী বলেন, ‘নারী নির্যাতনের কারণে শিশুদের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এর আদৌ মূল্যায়ন করা সম্ভব হবে কি না, আমি জানি না।’ মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, নারী নির্যাতনের ব্যয় নিয়ে উচ্চবিত্তরা মাথা ঘামাবে না। সে ক্ষেত্রে আলাদা কিছু বিষয় ভাবতে হবে।অ্যাকশনএইডের নির্বাহী পরিচালক ফারাহ কবীর বলেন, টাকা খরচ করে মেয়েকে বিয়ে দেওয়ার পরও পরিবারগুলোকে নির্যাতনের খরচ বহন করতে হয়।ব্র্যাকের জেন্ডার বিভাগের পরিচালক শিফা হাফিজ বলেন, যৌন নির্যাতনের শিকার নারীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন। এ বিষয়গুলো আর্থিক ক্ষতির মধ্যে সন্নিবেশ করা কঠিন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক সিমিন মাহমুদ বলেন, ‘ছেলে ও মেয়েশিশুর মধ্যে পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়ার ক্ষেত্রে যে বৈষম্য, সেটাও এক ধরনের নির্যাতন।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির গবেষক ফাহমিদা খাতুন, কেয়ারের গবেষণা দলের প্রধান জুলিয়া আহমেদ, সাউথ এশিয়ান পার্টনারশিপ (স্যাপ) বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ নুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ জাহাঙ্গীর।