নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উন্নয়নের প্রধান অন্তরায় হলো নারী নির্যাতন। নারী-পুরুষনির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ‘নারী নির্যাতন’ নামের সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব।নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম। এতে কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা সমিতি, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ নারীপ্রগতি সংঘ, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন, নারীমঞ্চ-এডাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা নারীর যথাযথ মূল্যায়নের দাবি জানান। ‘নারী নির্যাতন বন্ধ করি, সবাই সুখের সমাজ গড়ি’ প্ল্যাকার্ড হাতে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, নারীরা দুর্নীতি করে কম। অন্যদিকে নারীরাই বেশি নির্যাতনের শিকার হন। নির্যাতনের ফলে নারীরা উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাচ্ছে—এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে এর প্রভাব পড়ছে।মানববন্ধন কর্মসূচি চলাকালে মাইকে নারী নির্যাতনবিরোধী বিভিন্ন গান বাজতে থাকে। বক্তারা বলেন, ইভ টিজিংয়ের মতো নির্যাতনে কারাদণ্ড চূড়ান্ত সমাধান নয়। এ ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করতে হবে।গতকাল শুক্রবার ময়মনসিংহ সদরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রতিমন্ত্রী নারী নির্যাতন প্রতিরোধে নারী ও পুরুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচির পাশাপাশি ময়মনসিংহের কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘নারী নির্যাতন বন্ধ করি, সবাই সুখের সমাজ গড়ি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার।