নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
দেশের আইনে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবে এর প্রয়োগ নেই। তাই আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। এই নির্যাতন বন্ধ করতে হলে দেশের শিক্ষিত তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে সম্মিলিত প্রতিরোধ।রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।নারী নির্যাতন বন্ধ করতে জাতিসংঘ ঘোষিত ‘ইউনাইট ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়। তারই অংশ হিসেবে গতকাল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘নারী নির্যাতনকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ স্লোগান সামনে রেখে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশে নারী নির্যাতন বন্ধ করতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কাজ করছে সরকার। আর এই নির্যাতন পুরোপুরি বন্ধ করতে দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আজ নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই এই নির্যাতন বন্ধে কেবল নারীরা নয়, বরং পুরুষদের এগিয়ে আসতে হবে। সমভাবে যুক্ত হতে হবে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ বেগম আশরাফুন নেছা মোশারফ বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশের সব শ্রেণীর নারীর সচেতন হওয়া দরকার। আর যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে।মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সমাজকে বসবাস উপযোগী করতে হলে নারীর স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। তাদের ঘরে বন্দী করে রাখা যাবে না। তিনি বলেন, এক পায়ে কখনো সমাজ দাঁড়াতে পারে না। যে দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী, সে দেশে নারীরা পিছিয়ে থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।এ ছাড়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের পরিচালক শীপা হাফিজা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মেরিনা জাহান প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।