নারীরা ক্ষমতায় গেলেই যে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে তা ঠিক নয়। গণতন্ত্র এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য কেবল নারী বা পুরুষ নয় বরং সত্ মানুষ প্রয়োজন। গতকাল রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন প্রধান অতিথি দেশের অন্যতম প্রবীণ নারী রাজনীতিক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন অনুষ্ঠিত এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমীন। এতে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। মতিয়া চৌধুরী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা এবং নারীর ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। সাগুফতা ইয়াসমীনের অভিমত, নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন শিক্ষার প্রসার। এ ছাড়া ধর্মীয় মৌলবাদের উত্থানের কারণে নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।অনুষ্ঠানে ‘সুশাসন প্রতিষ্ঠায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদনে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা, সংরক্ষিত আসন ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশ করা ও রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থী মনোনয়ন বাড়ানোসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন টিআইবির গবেষক ফাতেমা আফরোজ।