নারী সাংবাদিকের ওপর হামলার নিন্দা সামাজিক প্রতিরোধ কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৬ এপ্রিল ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে সেখানে পেশাগত দায়িত্ব পালনরত নারী সাংবাদিকদের লক্ষ্য করে কটূক্তি, অশালীন মন্তব্যসহ হামলা এবং গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল সোমবার এক বিবৃতিতে কমিটি হামলাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের দাবি জানায়। সামাজিক প্রতিরোধ কমিটি দেশের ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের একটি মোর্চা।বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা এমন সময়ে করা হলো, যখন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এ দেশের পোশাকশিল্পে, কৃষিতে শ্রমজীবী নারীরা পরিশ্রম করে চলেছেন। জনগণের ভোটে নির্বাচিত নারীরা রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। সেই সময়ে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে গৃহের অভ্যন্তরে বন্দী করে দেশে একটি মধ্যযুগীয় শাসনব্যবস্থা কায়েমের স্বার্থে যে দাবিদাওয়া উচ্চারিত হচ্ছে, বিবৃতিতে তা প্রত্যাখ্যান করা হয়।বিবৃতিতে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের সংবিধান-পরিপন্থী কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নের দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার ৪২ বছর পর যখন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত তরুণ সমাজ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি করেছে, তখনই মানবতাবিরোধীদের বাঁচানোর লক্ষ্যে জামায়াত-শিবির সারা দেশে একাত্তরের মতোই হত্যা, লুণ্ঠন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং তাদের উপাসনালয় ভাঙচুর করছে। ধর্মান্ধ ব্যক্তিদের এই সব দাবির প্রতি প্রধান রাজনৈতিক দল ও অন্যদের সমর্থন মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান-পরিপন্থী। বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে দেশের নারীসমাজসহ সব সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।সংগঠনগুলোর মধ্যে কয়েকটি হলো: বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন, কর্মজীবী নারী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি, অ্যাকশনএইড, গণসাক্ষরতা অভিযান, হিল উইমেন্স ফেডারেশন। বিজ্ঞপ্তি।