নারী সৌন্দর্যের নান্দনিক রূপায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ মগ্ন কেশ পরিচর্যায়, কারও পরনে নকশা করা পাড়ের নীল শাড়ি, খোঁপায় রক্তজবা। সন্তানের পরিচর্যায় ব্যস্ত কেউবা। কেউ মেতেছেন উৎসবে। অলস দুপুরে ডুবে আছেন একজন উপন্যাসের পাতায়। গৃহকর্ম থেকে আত্মিক সাধনা জীবনের বিভিন্ন পরিপ্রেক্ষিতে নারীর একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো ক্যানভাসে তুলে ধরেছেন তরুণ শিল্পী রকিব হাসান তাঁর প্রথম একক চিত্রকলার প্রদর্শনীতে। প্রদর্শনীর নাম ‘দ্বিতীয় লিঙ্গ’।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির দুই অংশ মিলিয়ে শুরু হলো প্রদর্শনী। নারীরা এখন সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে মূল স্রোতধারায় একাত্ম হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু পুরুষ ও নারীর বৈষম্য লুপ্ত হয়নি। শিল্পীর লক্ষ্য সেই বৈষম্য ও সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি নারীর সৌন্দর্যকেও তুলে ধরা। প্রদর্শনীতে অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকর্ম রয়েছে ৩০টি। সবগুলোর মুখ্য বিষয় নারী। রকিব হাসান সম্প্রতি এমএফএ ডিগ্রি নিয়েছেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রণ বিভাগ থেকে। তবে প্রদর্শনীর অবয়ব অঙ্কনে তিনি বেছে নিয়েছেন প্রাচ্যকলার রীতি। টানা টানা চোখ, উন্নত নাসিকা। লাস্যময় তনুশ্রী। তার সঙ্গে বস্ত্রের পাড়, আঁচল—এসবে ব্যবহার করেছেন ঐতিহ্যবাহী ফুল-লতা-পাতার নকশা। সহজেই চেনা যায় প্রাচ্যের লাবণ্যময়ী নারীকে। তবে রঙের ব্যবহার, পটভূমির টেক্সচার সৃষ্টিতে পাশ্চাত্য রীতির প্রয়োগ করে প্রাচ্য-পাশ্চাত্যের রীতির একটি সমন্বয় করার প্রয়াস পেয়েছেন তিনি। এর ফলে তাঁর কাজ সহজবোধ্য ও দৃষ্টিনন্দন হয়েছে। বিকেলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রদর্শনীর উদ্বোধন করে বললেন, ‘সৃষ্টির জগতে লৈঙ্গিক সমতা বিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমাদের মতো অনুন্নত দেশেই নয়, উন্নত দেশগুলোতেও লৈঙ্গিক বৈষম্য বিরাজ করছে। এই বৈষম্য দূর করতে না পারলে মানবসভ্যতার উন্নয়ন সম্ভব নয়। আশার কথা, আমাদের দেশের নতুন প্রজন্মের চারুশিল্পীরাও বিষয়টি নিয়ে ভাবছেন এবং তাঁদের কাজের মধ্য দিয়ে তা তুলে ধরেছেন।’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন অধ্যাপক শিল্পী জামাল আহমেদ। রকিব হাসান জানান, আগামী দিনে ধারাবাহিকভাবে এই বিষয় নিয়ে তাঁর কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আগামী ২ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। সিল্ক স্টোরি শুরু হচ্ছে আজপ্রদর্শনীর নাম ‘সিল্ক স্টোরি’। আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দীন আহমদের চিত্রকর্ম থেকে সিল্ক বস্ত্রে বিশেষ করণ-কৌশলে তৈরি করা হয়েছে ১৫টি শিল্পকর্ম। বিশেষ এই পদ্ধতির পরিভাষাগত নাম ‘হ্যান্ড এমব্রয়ডারি সিল্ক নিডল প্রিন্ট’।আয়োজকেরা জানিয়েছেন, ছাপচিত্রের এই মাধ্যমটি অত্যন্ত শ্রম ও সময়সাধ্য। চীন ও ভারতের শিল্পীরা কাজগুলো করেছেন। এর সমন্বয় করেছেন ভরতের অরুণ জেন। দেশে এর আগে কোনো চিত্রকরের কাজ থেকে এই পদ্ধতিতে সিল্ক প্রিন্ট করা হয়নি। এই কাজগুলোর প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে।বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী শাহাবুদ্দীন আহমদ। প্রদর্শনী আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।