নারী স্বাস্থ্যকর্মীরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় দেশের নারী স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সমাজ পরিবর্তনেও এসব কর্মী উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। স্থানীয় পর্যায়ে নারী স্বাস্থ্যকর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ছে।গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরিবর্তনের বাহক হিসেবে নারী স্বাস্থ্যকর্মী’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) এবং আইসিডিডিআরবির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে পরিবর্তনের বাহক হিসেবে নারী স্বাস্থ্যকর্মী শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিডিআইয়ের প্রধান গবেষক সিমীন মাহমুদ ও পাথওয়েজ গবেষণা কর্মসূচির মাহীন সুলতান। আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্র্যাভিয়াতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক জাফর আহমেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক জালালউদ্দিন আহমেদ, আইসিডিডিআরবির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইউনুস এবং গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মনজুর কাদির আহমেদ।