নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে
‘গ্রামীণ নারীর ক্ষমতায়ন, ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণ’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০১২। নারী দিবসকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন সংস্থা বর্ণাঢ্য শোভাযাত্রা, সভা, সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে ৬৭টি নারী, মানবাধিকার ও আইন সহায়তা সংগঠন রাজধানীতে সবচেয়ে বড় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘তরুণ প্রজন্মের সম্পৃক্ততায় গড়ে উঠবে সম্ভাবনাময় ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। বেলুন উড়িয়ে নারী দিবসের সফলতা কামনা করেন নারীনেত্রীরা।অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, সরকার দেশের নারীদের উন্নতিতে ও অর্থনৈতিক মূল কাঠামোতে নারীকে সমান সুযোগ দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। তবে সরকারের পাশাপাশি নারীকেও চেষ্টা করতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার।সভাপতির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর আচরণ ও সমাজের পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে নারীর স্বাভাবিক বিকাশ বাধা পাচ্ছে। তিনি দ্রুত নারী নীতিমালা, ২০১১-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানান সরকারের কাছে। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের উম্মে সালমা।এরপর শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি বের হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্য নারীনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম, শিরীন আখতার।দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করে। এতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। মাতৃত্বকালীন ছুটির দাবি নিয়ে কালো পতাকার শোভাযাত্রা করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় ৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান আয়োজিত মানববন্ধনে বৈষম্যহীন পরিবার গঠনের আহ্বান জানানো হয়। গার্হস্থ্য শ্রমের জাতীয় স্বীকৃতি, শ্রমিকের অধিকার ও শ্রম আইনের দাবিতে সমাবেশ করেন গৃহশ্রমিকেরা। নারী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার দাবিতে প্রেসক্লাব থেকে মুক্তাঙ্গন পর্যন্ত শোভাযাত্রা করে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স, অন্বেষণ, বিপ্লবী নারী সংহতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গণসংহতি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, জাগো নারী ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, নারী মৈত্রী, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়।