নারীদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, নারীবান্ধব ও নারীর জন্য আলাদা বাস সার্ভিস চালু করার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী ক্লাব মাঠে অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ‘১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, নারীর নিরাপত্তায় দেশে আইন আছে। তবে আইনের দৃষ্টান্তমূলক বাস্তবায়ন হয় না বলেই নারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। নারীদের চলার পথে হয়রানি, দুর্ভোগ ও সহিংসতা বন্ধে জনমত তৈরিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উইমেন ফর উইমেনের নির্বাহী সদস্য সালমা খান বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তবে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এখনো অনেক পিছিয়ে আছি।’
অনুষ্ঠানের সঞ্চালক অ্যাকশনএইডের দেশীয় পরিচালক ফারাহ্ কবির বলেন, শহরে নারীর নিরাপত্তা বাড়াতে নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে হবে।
নারীনেত্রী খুশী কবির শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান শাহনাজ হুদা বলেন, অনেক সময়ই দেখা যায়, নারীর প্রতি সহিংসতাকারী অথবা নির্যাতনকারী রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ছাড়া পেয়ে যাচ্ছে। নারী পক্ষের সদস্য ইউ এম হাবিবুন নেসা বলেন, সহিংসতা বন্ধে নারী কাউন্সিলরদের ক্ষমতায়িত করতে হবে।
অনুষ্ঠানে রাস্তায় চলাচল করতে নারীরা যেসব সমস্যায় পড়েন, তা নিয়ে একটি নাটক পরিবেশন করা হয়। এ ছাড়া ‘গল্পকথন’ পরিবেশন করেন অ্যাকশনএইড বাংলাদেশের ‘ফেমিনিস্ট লিডারশিপ ফোরামের’ কর্মীরা।