নারীদের প্রতি হিংসা নয় দিতে হবে সমমর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শ্বশুর-শাশুড়ি, স্বামী-বাচ্চা সামলায় ঘরের নারী/ সুন্দর সুন্দর রান্না করতে আমরা কী পারি/ হে নানা নারীকে সমমর্যাদা দিতে তোমরা কেহ ভুইল না’ নারীর প্রতি তাচ্ছিল্য না করতে এভাবে নাতিকে বোঝাচ্ছিলেন নানা। এটি কোনো ঘটনা নয়, এটি রাজশাহীর গম্ভীরা দলের পরিবেশনা।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে পরিবার, সমাজসহ সর্বস্তরে নারী-পুরুষের সমান মর্যাদা নিশ্চিত করার আন্দোলন ‘মর্যাদায় গড়ি সমতা’ প্রচারাভিযানের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রা আয়োজিত ‘সমমর্যাদার অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে এটি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আলোচক নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজ যুগ যুগ ধরে নারীদের ওপর নিপীড়ন করে আসছে। নারীদের প্রতি হিংসা নয়, তাদের শ্রদ্ধা, মায়া, সমতার দৃষ্টিতে দেখব।’
আরেক নাট্যব্যক্তিত্ব ও মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন বলেন, ‘তনুর মৃত্যুর জন্য আমরা দেশবাসী পীড়িত বোধ করছি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নারী-পুরুষ একসঙ্গে করেছে। তাহলে নারীকে সমমর্যাদা দেওয়া হবে না কেন?’
বাংলাদেশে প্রতি তিনজনে দুজন নারী নির্যাতিত হচ্ছে উল্লেখ করে লেখক ও সাংবাদিক আনিসুল হক বলেন, তনু হত্যায় দেশের সবখানে প্রতিবাদ হচ্ছে। তরুণ-তরুণীরা এতে অংশ নিচ্ছে। এটা খুব ভালো লক্ষণ। এই আন্দোলনে অংশ নিয়ে নারীর প্রতি সহিংসতা না করার অঙ্গীকার করতে আহ্বান জানান তিনি।
সমাপনী বক্তৃতায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সমমর্যাদার অঙ্গীকার যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়।
আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী।
অনুষ্ঠান শেষ হয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে বগুড়ার কাহালু থিয়েটার একটি পথনাটক ও দিনাজপুরের আমাদের থিয়েটার একটি লোকজ নাটক পরিবেশন করে।