মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিদেশে যেতে ইচ্ছুক নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিদেশে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।গতকাল রোববার ‘বাংলাদেশের নারী অভিবাসন: প্রত্যাশা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান শিরীন শারমিন। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেমিনারের আয়োজন করা হয়।বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ইউএন উওম্যান যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যুরোর পরিচালক নুরুল ইসলাম।শিরীন শারমিন বলেন, মোট অভিবাসীর ৭ শতাংশ নারী। কাজেই বিদেশে যেতে ইচ্ছুক নারীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তাঁরা বিদেশে গিয়ে সম্মানজনকভাবে উপার্জন করতে পারেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিদেশে যেতে ইচ্ছুক নারীদের ভাষা ও গৃহস্থালি কাজের প্রশিক্ষণ দিচ্ছে।সেমিনারে প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কায়েস সামি বলেন, বিদেশে যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের ঋণ গ্রহণ সহজ করতে আগামী মাস থেকে ‘বিশেষ ডেস্ক’ চালু করবে প্রবাসীকল্যাণ ব্যাংক। এ ছাড়া কোনো নারী শ্রমিক তিন মাসের মধ্যে বিরূপ পরিস্থিতির কারণে বিদেশ থেকে ফেরত এলে বিমার মাধ্যমে তাঁর ব্যয়ের একটা অংশ প্রবাসীকল্যাণ ব্যাংক বহন করবে।জাতিসংঘ উইম্যানের বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার নাহিদ এম আহমেদ বলেন, ৪৩টি দেশে বাংলাদেশের নারী শ্রমিকেরা কাজ করছেন।