
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানববন্ধন, আলোচনা সভা, পতাকা মিছিল, সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এবার আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য ছিল ‘প্ল্যানেট ৫০-৫০: স্টেপ ইট আপ ফর জেন্ডার ইকুয়ালিটি’।

গতকাল রাজধানীতে নারী দিবসের এসব অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে এখন পর্যন্ত নারীর যে অগ্রগতি বা অর্জন, তা নিয়ে গর্ব করা যায়। তবে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষে সমতা আনতে যেতে হবে বহুদূর।
দিবসটি উপলক্ষে ৭ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আঁধার ভাঙার আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। ‘নারী-পুরুষের অঙ্গীকার গড়ে তুলি সমতার বিশ্ব’ স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৭০টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘নারীদের অগ্রযাত্রা নিয়ে আমরা গৌরব করতে পারি। আবার এখন পর্যন্ত নারীরা অনেক দিক থেকে বঞ্চিত। উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকার নেই। সম-অধিকার দেওয়ার কথা শুনছি। এটি পরিবর্তন করাও বড় ব্যাপার না। তারপরও গলা তুলে দাবি তুলতে হচ্ছে।’
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। এতে ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা পি মাতাভেল আলোচনায় অংশ নেন।

১৯ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা: দিবসটি উপলক্ষে ১৯ জন নারী মুক্তিযোদ্ধাকে (বীরাঙ্গনা) আর্থিক সহায়তা ও সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে নগদ ৫০ হাজার টাকা, শাড়ি ও চাদর দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন নূরজাহান বেগম, মমতাজ বেগম, কাঞ্চনমালা, রাজিয়া খাতুন, নাজমা বেগম (কানন বালা), সালেহা বেগম, পইরবিন নেসা, রমেছা খাতুন, হাবিজা বেওয়া, ফাতেমা বেগম, শেখ ফাতেমা আলী, জাহারা খাতুন, লাইলী বেগম, ময়মুনা বেগম, হাসিনা বানু, সমলা বেওয়া, জোবেদা বেওয়া, সাহারা খাতুন ও করফুলি বেওয়া।
শেখ ফাতেমা আলী বলেন, ‘বীরাঙ্গনা বলে আমি চাকরি পাইনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আয়ার কাজ করতাম। সেখান থেকেও ৯১ সালে বের করে দেওয়া হয়।’ লাইলী বেগম নিজের ওপর পাকিস্তানি সেনাদের বর্বর নির্যাতনের কথা বর্ণনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আপনাদের (বীরাঙ্গনা) গেজেট খুব শিগগির বের হবে। বীরাঙ্গনাদের জন্য ৭০ হাজার টাকা বকেয়া মাসিক ভাতা বরাদ্দ আছে। ২৬ মার্চের আগে এই অর্থ প্রধানমন্ত্রীর হাত দিয়ে কয়েকজনকে দেওয়া হবে। এরপর বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কলসিন্দুর ফুটবল দলের সদস্যদের সম্মাননা: দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুন এবং এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ ফুটবল দলে অংশগ্রহণকারী কলসিন্দুর ফুটবল দলের সদস্যদের সম্মাননা দিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।
‘ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক—দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদকজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার ও সাঁতারু মাহফুজা খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
নারীদের জন্য এক বিকেল আনন্দ: মঞ্চে ‘তোমাকে চাই আমি আরও কাছে’ গানটি গাইছিলেন শিল্পী আঁখি আলমগীর। মঞ্চের সামনে নাচ করছিলেন তিন বান্ধবী। মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাজির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।
গতকাল বিকেলে নারী দিবস উদ্যাপনে কনসার্টের আয়োজন করেছিল বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বিকেল থেকে ‘শিফেস্ট ২০১৬’ নামের এই অনুষ্ঠানে ছিল নাচ, গানসহ মজার সব আয়োজন। তারকাদের উপস্থিতি ও পরিবেশনায় একটা বিকেল ও সন্ধ্যা দারুণ আনন্দে মেতে উঠেছিলেন নারীরা।
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠের এই কনসার্টে আরও গান করেছেন পার্থ বড়ুয়া, কনা, তাহসান ও সায়ান। কোরিওগ্রাফি ও গানের কোলাজের সঙ্গে নাচ করেছেন মেহ্জাবীন, সোনিয়া, সাবিলা নূর ও তানজিন তিশা। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তিন নারীকে সম্মাননা জানানো হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সেলিনা কাদির, চিকিত্সক নাজিয়া বিনতে আলমগীর ও প্রথম আলোরজ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘নারীদের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁদের উদ্বুদ্ধ করতেই আমরা এই আয়োজনটি করেছি।’
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা: গণমাধ্যমে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে। এ জন্য গণমাধ্যম কর্তৃপক্ষ, সাংবাদিকদের সংগঠন ও নেতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং মনজুরুল আহসান বুলবুল, সাইফুল আলম, ওমর ফারুক, আবদুল জলিল ভূঁইয়া, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অধিকার, নারীগ্রন্থ প্রবর্তনা, স্বাস্থ্য আন্দোলন, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স প্রোটেকশন অ্যালায়েন্স, সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, সংযুক্ত মহিলা পরিষদ, জাতীয় মুক্তি কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক আয়োজনে দিবসটি পালন করে।