সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ বাড়লেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ পিছিয়েছে। তাই নারীদের সমস্যার বিষয়গুলো তেমন গুরুত্ব পাচ্ছে না। পাশাপাশি নারীদের বিভিন্ন সমস্যা দূর করার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যমে নারীবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। সাউথ এশিয়া উইমেন ইন মিডিয়ার (এসএডব্লিউএম) বাংলাদেশ শাখা ওই আলোচনা সভার আয়োজন করে।আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, রাজনীতি সিদ্ধান্ত গ্রহণের জায়গা। তাই রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে, তার প্রভাব সবখানেই পড়বে।ইন্ডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম বলেন, পেশা হিসেবে নারীরা গণমাধ্যমকে বেছে নিলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নেই।নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, নারীর সমস্যা দূর করার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জরুরি।আলোচনা সভায় সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী, সমাজবিজ্ঞানী মাহমুদা ইসলাম, সাফমার বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, জাতিসংঘের সিডও কমিটির চেয়ারপারসন সালমা খান প্রমুখ বক্তব্য দেন। এসএডব্লিউএমের রাশেদা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন।আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা।