নারীনীতি বাস্তবায়নে সরকারকে চাপে রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে দেশের সব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গণগ্রন্থাগারের সামনে মৌলবাদ-বিরোধী এক সমাবেশ থেকে ওই আহ্বান জানানো হয়।গতকাল ‘নারীনীতির পক্ষে, মৌলবাদের বিপক্ষে সমাবেশ ও কবিতা পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করে কবিতা পরিষদ। এতে বক্তারা বলেন, একাত্তরের ঘাতক আমিনী ও তাঁর মতাদর্শীরা ধর্মের দোহাই দিয়ে দেশকে অস্থিতিশীল করছেন। নারী উন্নয়ন নীতিমালায় কী আছে, তা না পড়েই আমিনী ও তাঁর অনুসারীরা এর বিরোধিতা করছেন। তাঁদের কাজ হলো ধর্মকে ব্যবহার করে নিজস্ব স্বার্থ হাসিল করা। তাঁরা একাত্তরে নারীকে যেভাবে দেখেছেন, এখনো সেভাবেই দেখতে চান। তাঁদের অপপ্রচার ও অপচেষ্টা প্রতিহত করা এবং নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে সরকারের ওপর চাপ রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক ও কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ সামাদ, মুনীর সিরাজ, আমিনুর রহমান সুলতান, আসলাম সানী প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে নারীনীতির পক্ষে এবং মৌলবাদের বিপক্ষে কবিতা পাঠ করেন কবি আয়াত আলী পাটওয়ারী, বাদল চৌধুরী, শাহাদাৎ হোসেন নিপু, সঞ্জীব পুরোহিত ও জাহানারা জনি।