নারীনীতি বাস্তবায়ন প্রতিহত করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের রুখে দাঁড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল সোমবার ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, ১৯৮১ সালের ১৭ এপ্রিল শেখ হাসিনা দেশে ফেরেন।সাহারা খাতুন বলেন, নারীনীতির বাস্তবায়ন ঠেকাতে একটি মহল রাস্তায় নেমেছে। নারীনীতির বাস্তবায়ন হোক, তারা চায় না।স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের নেতা-কর্মীদের লেখাপড়া করার পরামর্শ দিয়ে বলেন, ‘শুধু সংগ্রাম করলেই হবে না, তোমাদের লেখাপড়ায়ও ভালো হতে হবে। তোমরাই আগামী দিনের কর্ণধার’।সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, কোনো দেশে রাতারাতি গণতন্ত্র আনা যায় না। প্রতিটি মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা তৈরি করতে হয়। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে শেখ হাসিনা এই কাজটিই করে যাচ্ছেন। ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।