নারীবান্ধব রাজধানী গড়ার আহ্বান
সবাই মিলে রাজধানীতে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মহিলা পরিষদের এক মতবিনিময় সভায়। সভা থেকে গতানুগতিক উন্নয়নের ভাবনা থেকে বের হয়ে সব কর্মপরিকল্পনায় নারী-পুরুষের সমতার প্রতিফলন ঘটানোরও আহ্বান জানানো হয়।
গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘শক্তিশালী, কার্যকর সিটি করপোরেশন ও নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, ‘মেয়রের প্রশাসনিক ক্ষমতা নেই। তারপরও যখনই ডাকা হবে, মেয়র এবং তাঁর লোকজন আসবেন। তাঁরা সহযোগিতার জন্য সব সময় প্রস্তুত। এমনকি এখতিয়ারের বাইরেও কাজ করার চেষ্টা থাকবে।’
মেয়র বলেন, রাজধানীতে চলাচলকারী সব বাসকে নির্ধারিত কয়েকটি কোম্পানির আওতায় এনে (ফ্রেঞ্চাইস পদ্ধতি) দুই বছরের মধ্যে বাস সার্ভিস চালু করা হবে, যাতে করে সাধারণ নাগরিক তথা নারীদের অনেক সমস্যার সমাধান হয়। সড়কে শক্তিশালী সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইটের ব্যবস্থা করা হবে। আনিসুল হক বলেন, শৌচাগারের জায়গা নেই। ৮৬টি পেট্রল পাম্প মালিকের সঙ্গে বসে পাম্পের পাশে জায়গা চাওয়া হয়েছে, কিন্তু তাঁরা দিচ্ছেন না। তবে চেষ্টা থেমে নেই। চার বছর পর ঢাকা শহরে পর্যাপ্ত মাঠ হবে, প্রতিটি খাতেই উন্নতি হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঢাকা শহরকে পরিষ্কার রাখা।
সভার সভাপতি ও মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, বাংলাদেশের নারী আন্দোলনের অর্জন হচ্ছে নারী আজ জাতীয় সংসদ হতে তৃণমূল—সর্বত্র আছে। একুশ শতকের এই জায়গায় এসে নারীর ক্ষমতায়নে নারীদেরই নিজেকে পরিবর্তন করতে হবে, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে এবং এর জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি মাদক ব্যবসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ কিন্তু প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী শহর ঢাকায় নিরাপদে বসবাসের ব্যবস্থা করার দায়িত্ব সবার। স্থায়িত্বশীল উন্নয়ন আজকের স্লোগান। এ ক্ষেত্রে নারী-পুরুষের সমতা সবচেয়ে প্রয়োজন।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন ডিএনসিসির কাউন্সিলর শাহনাজ পারভিন, আজাদ সুরাইয়া, হাবিবুর রহমান, শামিমা রহমান, মাসুদা আক্তার, নাজমুন নাহার, রাশেদা আক্তার, ফোরকান ও দেওয়ান আব্দুল মান্নান। তাঁরা বলেন, নির্বাচন করে নারী প্রার্থীরা তিনটা ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাজেই অতীতে গেজেটে যে দায়িত্বগুলো কমিয়ে দেওয়া হয়েছে, তা থেকে বেরিয়ে পুরুষ ও নারীর জন্য সমান ক্ষমতা রাখা উচিত। তাঁরা নারীর বর্তমান অবস্থানে আসার পেছনে মহিলা পরিষদ তথা নারী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, নারী কাউন্সিলরদের কথা শুনে মনে হয়েছে তাঁদের ক্ষমতায়ন হয়েছে কিন্তু এখন প্রয়োজন সমতায়নের।
মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের পরিচালক জনা গোস্বামী।