দেশে নীতিনির্ধারণী বিভিন্ন পর্যায়ে নারীরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি একেবারে কম নয়। তারপরও নারী নির্যাতন, বাল্যবিবাহের মতো বিষয়গুলো নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে। নারীর অগ্রগতি ধরে রাখতে হলে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ের কাজের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উজ্জীবন প্রকল্প ও প্রথম আলো আয়োজিত ‘নারীর অগ্রগতি: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। গতকাল শনিবার ইউএসএআইডির সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নারীর অগ্রগতিতে বাধা হিসেবে বাল্যবিবাহের প্রসঙ্গটি প্রাধান্য পায়।
অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ নির্মূলের যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে। নারীর ক্ষমতায়নে ‘জেন্ডার রেসপনসিভ’ বাজেট, কিশোর-কিশোরী ক্লাবসহ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বাল্যবিবাহের হার কমাতে সরকারি ও বেসরকারি পর্যায়ের কাজের মধ্যে সমন্বয় বাড়ানোর বিকল্প নেই।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর (সিসিএসডি) ডা. নুরুন নাহার বেগম জানান, তিনি যখন অষ্টম শ্রেণিতে পড়েন, তখন তাঁর বিয়ের প্রস্তাব আসে। তিনি নিজেও কিছু না বুঝেই এতে খুশি হয়েছিলেন। তবে তাঁর বাবা সাফ জানিয়ে দিয়েছিলেন, চার মেয়ে ও এক ছেলে সর্বোচ্চ ডিগ্রি না নেওয়া পর্যন্ত কাউকেই বিয়ে দেবেন না। শেষ পর্যন্ত তা-ই হয়েছিল। বাবার এ সিদ্ধান্তের ফলেই তিনি আজ এ দায়িত্ব পালন করতে পারছেন।
ইউএসএআইডির প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট লিজা তালুকদার উজ্জীবন প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, করোনায় লিঙ্গভিত্তিক সহিংসতা বেড়েছে। টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের সমতা জরুরি। সিদ্ধান্ত গ্রহণে নারী ও শিশুর অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।
ইউএসএআইডির উজ্জীবন প্রকল্প প্রধান এবং জনস হপকিন্স সিসিপির কান্ট্রি ডিরেক্টর ফয়সাল মাহমুদ বলেন, নারীর অনেক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে একবিংশ শতাব্দীতেও বাল্যবিবাহসহ বিভিন্ন নির্যাতনের বিষয়ে কথা বলতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। তিনি নারী নির্যাতন প্রতিরোধে পুরুষের অংশগ্রহণ জরুরি উল্লেখ করে বলেন, এতে বাল্যবিবাহ প্রতিরোধ, সেবা প্রাপ্তি, ঘরের কাজে সহায়তা পাওয়াসহ বিভিন্ন কাজ সহজ হয়ে যাবে।
‘আইনের প্রয়োগে নজর দিতে হবে’
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঢাকার পাবলিক প্রসিকিউটর আলী আসগর বলেন, বাল্যবিবাহের মামলা থেকে রেহাই পেতে ভুয়া জন্মনিবন্ধন, নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে দেখানোসহ বিভিন্ন পন্থা অবলম্বন করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে ধর্ষণের মামলায়ও অনেক ক্ষেত্রে অভিযুক্ত আসামি ভুক্তভোগীকে বিয়ে করে রেহাই পেয়ে যাচ্ছেন। এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।
গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে যাঁরা বাল্যবিবাহের নিমন্ত্রণে যান, তাঁদের পুলিশ আইনের আওতায় আনে না কেন—এ প্রশ্ন রাখেন সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসন কেন্দ্র ‘শিশুদের জন্য আমরা’র প্রেসিডেন্ট হাজেরা বেগম।
সরকারের বিভিন্ন ‘হেল্পলাইনে’র সেবা
অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমীন বাল্যবিবাহ বন্ধে সরকারি হটলাইন নম্বর ৩৩৩-এর বিষয়ে কথা বলেন। তিনি জানান, বাল্যবিবাহ প্রতিরোধে এ হটলাইন ব্যবহারে নারীর অংশগ্রহণ বাড়ছে। গত মাসে বাল্যবিবাহ-সংক্রান্ত কল এসেছে ১৫০টি।
সরকারের ১০৯৮ শিশু হেল্পলাইনের প্রকল্প ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ মোহাইমেন জানান, এ হেল্পলাইনে বাল্যবিবাহ প্রতিরোধে ফোন পাওয়ার পর তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন হলে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ হেল্পলাইনের ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, গত চার বছরে বিভিন্ন সেবা পেতে মোট কল এসেছে সাড়ে ৩ কোটির বেশি। এর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে ২০২১ সালে ৪ হাজার ৬৫৮টি কল এসেছে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা বিষয়ে ২০২১ সালে ৭ হাজার ১৬১টি কল এসেছে।
বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের হেল্পলাইন নম্বর ১০৯ এবং ৯৯৯-এ সেবা পেতে অনেক ক্ষেত্রেই সেখানে দায়িত্বপ্রাপ্তরা একে অপরের দিকে দায়িত্ব কাজটি ঠেলে দেওয়ার চেষ্টা করতে থাকেন বলে উল্লেখ করেন ইউএসএআইডি উজ্জীবন প্রকল্প প্রধান ফয়সাল মাহমুদ। তিনি বলেন, সমস্যাটি সমাধানে সমন্বয় জরুরি।
‘সচেতনতা বাড়াতে হবে’
ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ পরামর্শক (এসআরএইচআর ও জেন্ডার) মাশফিকা জামান সাটিয়ার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ আইনের বিশেষ ধারায় মেয়েদের যেকোনো বয়সে বিয়ের বিষয়টি থাকায় আইনের অন্য বিষয়গুলো চাপা পড়ে গেছে। তিনি দুটি প্রকল্পের কথা উল্লেখ করে জানান, অঙ্ক ও ইংরেজি বিষয়ে মেয়েদের টিউশনের ব্যবস্থা করার ফলে তারা এ দুটি বিষয়ে অকৃতকার্য হয়নি। পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। মেয়েদের আয়-রোজগারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের জেন্ডার বিষয়েও সচেতন করা হয়েছিল। ফলে এই মেয়েদের মা-বাবাও চাইতেন না বিয়ে দিয়ে দিতে।
প্রথম আলো বন্ধুসভার জাতীয় কমিটির সভাপতি মুমিত আল রশিদ সামাজিক সচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। রেডিও টুডের অনুষ্ঠান প্রধান ফকরুল শাওন বলেন, নারীদের সাফল্যের গল্পগুলো গণমাধ্যমে বেশি করে প্রচার ও প্রকাশ করতে হবে।
গোলটেবিল বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে মাঠপর্যায়ের অভিজ্ঞতা জুমে উপস্থাপন করেন প্রথম আলোর সিলেট বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্য তামান্না ইসলাম, কক্সবাজার বন্ধুসভার সভাপতি রুহুল আমিন এবং সিলেটের সদস্য সীমা চন্দ।
বৈঠকে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।