তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, স্বাধীনতার এত বছর পরও ব্যক্তিগত জীবনে নারী-পুরুষের মধ্যে সমতা আসেনি। হিন্দু নারীরা বিয়ের রেজিস্ট্রেশনের দাবি তুলেছিলেন। কিন্তু ৮ থেকে ১০ জন হিন্দু মৌলবাদী নেতার চিঠির কাছে সরকার নতজানু হয়েছে। এ সরকারই জঙ্গিবাদ দমন করেছে বলে দাবি করে, আবার নারীর অধিকারের প্রশ্নে তারাই মৌলবাদী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করে।গতকাল শনিবার বিকশিত নারী নেটওয়ার্কের চতুর্থ জাতীয় সম্মেলনে (কনভেনশন) সুলতানা কামাল এ কথা বলেন। নগরের এলজিইডি মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে সারা দেশের নারীনেত্রীরা উপস্থিত ছিলেন।আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, পুরুষতান্ত্রিক মনমানসিকতা, ধর্ম ব্যবসা ও সংস্কৃতির মোড়কে গড়া সমাজ নারীর অবস্থানকে নিয়ন্ত্রণ করে। বর্তমানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিশ্বব্যাপী যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে দেশীয় মোল্লারা জাতীয় নারী ও শিক্ষানীতি পরিবর্তনের দাবিও যুক্ত করেছেন। অর্থাৎ যেকোনো অজুহাতে নারীকে পিছিয়ে দেওয়াই হচ্ছে মূল কথা।নারীনেত্রীদের উদ্দেশে সুলতানা কামাল বলেন, ‘ওয়াসফিয়া নাজরীন এভারেস্টের চূড়ায় উঠছেন। অর্জন অনেক। তার পরও মনে রাখতে হবে, সামনে কঠোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আর অধিকার আদায়ের লড়াই নিজেদেরই করতে হবে, কারণ, যারা ভোটের রাজনীতি করে, তারা এ লড়াই করে দেবে না।’দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপদেশীয় পরিচালক নাছিমা আক্তার জানান, তাঁদের সংস্থার পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে বিকশিত নারী নেটওয়ার্কের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কন্যাশিশু ও নারীর ক্ষমতায়ন নিয়ে হাঙ্গার প্রজেক্টের পরিচালিত কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজটি করছেন নেটওয়ার্কের সদস্যরা।নেটওয়ার্কের রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের নারীনেত্রী রহিমা বেগম নিজের এবং অন্যান্য নারীর নেত্রী হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস শোনালেন। তিনি বলেন, ‘আমি ছিলাম গৃহবধূ। গ্রামের গণ্ডিটা কতটুকু তাই জানা ছিল না। সেই আমি এখন ঢাকা চিনি। ঢাকায় এসে বক্তৃতা করি। দুর্নীতি দমন ও তথ্য অধিকারের মতো কঠিন বিষয় নিয়েও কথা বলি।’রহিমা বেগম প্রতিবন্ধীদের জন্য স্কুল খুলেছেন। বয়স্ক শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন। ময়মনসিংহের তাহমিনা মল্লিক, ঢাকার শাহিন আক্তারসহ অন্যান্য নারীনেত্রী জানালেন, নেটওয়ার্কের আওতায় প্রশিক্ষণ তাঁদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকায় তাঁরা নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন কাজ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন।এই নেটওয়ার্কের প্রধান পৃষ্ঠপোষক দ্য হাঙ্গার প্রজেক্টের দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, নারীরা ক্ষমতায়িত না হলে দেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে না।ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হেদার ক্রুডেনও নারীদের সমাজ পরিবর্তনের অনুঘটক হিসেবে উল্লেখ করেন।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং সংঘবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরীনের বক্তব্য তৃণমূলসহ সারা দেশের নারীনেত্রীদের উজ্জীবিত করে। হাঙ্গার প্রজেক্ট ও নেটওয়ার্ককে সহায়তাকারী দাতাগোষ্ঠীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিনিধি পামেলা পিটারসন ও কাথি বাক অনুষ্ঠানে বক্তব্য দেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। জাতীয় সংগীত, বিকশিত নারী নেটওয়ার্কের থিম সং ‘আমরা নারী বিকশিত নারী, আমরা সবাই নতুন সমাজ গড়তে পারি’ গানটি সবার মধ্যে নতুন উদ্যমের সূচনা করে। এ ছাড়া প্রদীপ জ্বালানো, আদিবাসীদের গানসহ বিভিন্ন আঞ্চলিক পরিবেশনা, র্যা ফল ড্র, ছোট শিশুদের নাচ পরিবেশিত হয় অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ হওয়ার আগে চতুর্থ জাতীয় সম্মেলনের অঙ্গীকারনামা পালনের অঙ্গীকার করেন নারীনেত্রীরা। অঙ্গীকারনামা পড়ে শোনান নারীনেত্রী রাশিদা আক্তার।