নারীর ক্ষমতায়নে নেওয়া উদ্যোগ ব্যর্থ হয় জবাবদিহির অভাবে
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ভূমির মালিকানা সমবায়ভিত্তিক বা রাষ্ট্রীয় মালিকানায় রূপান্তরিত করতে পারলে নারীর প্রতি সব বৈষম্যের অবসান হবে।জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘সম্পত্তিতে নারীর অভিগম্যতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিজানুর রহমান নারীর সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরূপ মনোভাব পোষণকারী ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরির বিষয়টিতে গুরুত্ব দেন। স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায় বলেও তিনি উল্লেখ করেন।জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং সিসিডিবির যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার।বৈঠকের বিশেষ অতিথি আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, কমিশনের পক্ষ থেকে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের আপত্তি দিয়ে রাখা ধারাগুলো থেকে আপত্তি প্রত্যাহার এবং বিভিন্ন ধর্মীয় আইনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাসুম বিল্লাহ। বৈঠকে স্বাগত বক্তব্যে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার বলেন, বিদ্যমান পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় প্রচলিত আইন ও সামাজিক প্রথা সম্পত্তিতে নারীর সমানাধিকার পাওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। বদিউল আলম মজুমদার তাঁর বক্তব্যে বলেন, নারীরা স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার। বৈঠকের আলোচক অধ্যাপক লতিফা আকন্দ নারীর প্রতি বৈষম্য দূর করতে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন জরুরি বলে উল্লেখ করেন। এ ছাড়া আইনজীবী রেহানা সুলতানা এবং নিলুফার বানু আলোচনায় অংশ নেন।