ব্যক্তিগত, পারিবারিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে নারীর ক্ষমতায়ন অনেকটাই হয়েছে। তবে তাদের আরও বহুদূর যেতে হবে।নারীর ক্ষমতায়ন বিষয়ে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দেশি ও বিদেশি গবেষকেরা নারীর ক্ষমতায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ অনুভব করেন।ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) ২৬ জুলাই ব্র্যাক সেন্টার মিলনায়তনে পাথওয়েজ অব উইমেন এমপাওয়ারমেন্ট গবেষণা কার্যক্রমসংক্রান্ত ওই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনের শেষ দিনে গবেষক সামিয়া হক ও ফেরদৌস আজিম নারীর ব্যক্তিগত জীবনে ধর্মের উপস্থিতি ও অনুশীলনকে বুঝতে হলে প্রচলিত রাজনৈতিক বয়ানের বাইরে এসে নারীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিসরকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন।পাকিস্তানের গবেষক নিলাম হোসাইন বলেন, পাকিস্তানে পুরুষতান্ত্রিক কাঠামোতেই নারীরা ক্ষমতায়িত হচ্ছে। তিনি তাঁর গবেষণায় নারীর জীবনে ধর্মের প্রভাবের বিষয়টি তুলে ধরেন।যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা-বিষয়ক সংস্থার অর্থায়নে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক গবেষণা কার্যক্রম হিসেবে বাংলাদেশ, ঘানা, মিসর ও আফগানিস্তানে ২০০৬ সালে ‘পাথওয়েজ’-এর যাত্রা শুরু হয়েছিল।সম্মেলনের সমাপনী দিনে সামিয়া রহিক ও শাহিদা খন্দকার তাঁদের গবেষণায় বলেছেন, গণমাধ্যম একদিকে নারীর ক্ষমতায়নে কাজ করছে, অন্যদিকে নেতিবাচকভাবেও উপস্থাপন করছে। বাঙালি মুসলিম নারীর সাংস্কৃতিক ইতিহাস নিয়ে একটি চলমান গবেষণা উপস্থাপন করেন পারভীন হাসান। বিজ্ঞপ্তি।