বাংলাদেশ নারী প্রগতি সংঘের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নারীদের ক্ষমতায়ন হয়েছে। তবে প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে আরও বহুদূর যেতে হবে। অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।গতকাল মঙ্গলবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অতিথিরা আনুষ্ঠানিকতা শুরু করেন। ১৯৮৬ সাল থেকে যাত্রা শুরু করা সংগঠনটির ২৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরা হয় ভিডিওচিত্রের মাধ্যমে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে স্বামীর নির্যাতনে দুই চোখের দৃষ্টি হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের প্রসঙ্গও চলে আসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী।‘নারীর ক্ষমতায়ন ও সমানাধিকার’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। তার পরও নির্যাতনের ঘটনা ঘটছে। নির্যাতনের শিকার নারীদের নির্যাতন প্রতিরোধে আইনের আশ্রয় নিতে হবে। পরিবার ও সমাজকেও এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠান আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক রোকেয়া কবির স্বাগত বক্তব্যে বলেন, তৃণমূলের নারীদের ক্ষমতায়নের বিষয়ে জোর দিতে হবে। তৃণমূলের নেতৃত্বই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। অনুষ্ঠানে সিতারা মুসা, লতিফা আকন্দ, মমতাজ বেগম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, সারওয়ার আলী, সেলিনা খালেক, তাসমিমা হোসেন, মিতা হক, সারা যাকের, কাজী ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। রোকেয়া কবির বলেন, ২৫ বছর পূর্তির আনুষ্ঠানিকতা কাটছাঁট করে বেঁচে যাওয়া অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণে অনুদান হিসেবে দেওয়া হবে।