নারীর প্রতি পারিবারিক সহিংসতায় বার্ষিক ক্ষতি জিডিপির ২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি পারিবারিক সহিংসতার কারণে বাংলাদেশে প্রতি বছর অর্জিত মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রায় ২ দশমিক ৫ ভাগ ক্ষতি হয়। গতকাল বুধবার কেয়ার বাংলাদেশ ও জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) আয়োজিত সমীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। কেয়ার বাংলাদেশ ‘নারীর প্রতি পারিবারিক সহিংসতা: বাংলাদেশ কতখানি অর্থমূল্য দিচ্ছে’ শীর্ষক এই সমীক্ষা চালায়।যাত্রীর সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন কেয়ারের কস্ট অব ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন প্রকল্পের দলনেতা জুলিয়া আহমেদ। তিনি বলেন, সমীক্ষার মূল উদ্দেশ্য ছিল পারিবারিক নির্যাতনের শিকার নারী ও নির্যাতনকারী উভয়েই সরাসরি যে অর্থমূল্য দিয়ে থাকে তার পরিমাণ নির্ধারণ করা। প্রতিবেদনে বলা হয়, এ ধরনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁর পরিবারপ্রতি সরাসরি বার্ষিক গড় ক্ষতির পরিমাণ প্রায় ১১ হাজার ১৮০ টাকা যা জিডিপির ১ দশমিক ১৮ শতাংশ। সুনামগঞ্জ, দিনাজপুর ও টাঙ্গাইলের ২৪টি গ্রামের ৪৮৩ জন নারীর জীবনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ সমীক্ষা চালানো হয়। এসব ঘটনার ব্যয় ও ক্ষতি পর্যালোচনা করেই আর্থিক ক্ষতির এ চিত্র তুলে ধরা হয়।সমীক্ষায় নির্যাতনের কারণ হিসেবে যৌতুক, বদরাগী স্বামী, শাশুড়ি ও ননদের সঙ্গে দ্বন্দ্ব, পরিবারের পুরুষ সদস্যদের নেতিবাচক প্ররোচনা এবং বহুবিবাহ—এই পাঁচটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় নারীর প্রতি সহিংসতা বন্ধে অগ্রাধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগ বাড়ানোর সুপারিশ করা হয়। ক্রিস্টিনা রোজারিওর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেয়ারের প্রকল্প পরিচালক তাহেরা ইয়াসমিন ও যাত্রীর প্রধান নির্বাহী জামিল আহমেদ। বিজ্ঞপ্তি।