নারীর প্রতি যৌন নির্যাতনের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নারীর প্রতি যৌন নির্যাতন ও সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘সম-অধিকার আমাদের ন্যূনতম দাবি’ নামের একটি সংগঠন। গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটি এ দাবি জানায়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, নারীর ওপর যে নির্যাতন ও সহিংসতার ঘটনা ঘটছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পুরুষতন্ত্র ও আদর্শহীন রাজনীতি থেকে উ ৎ সাহিত। যাঁরা নির্যাতন করেন, তাঁরা কোনো না কোনো ক্ষমতাধর রাজনৈতিক শক্তির ছায়াতলে অপরাধ করেন ও শেষ পর্যন্ত রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যান। বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তাহীনতার বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। সারা দেশে নারীর ওপর যৌন নির্যাতন ও সহিংসতার ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা।মঞ্চের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক রেহনুমা আহমেদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, বিপ্লবী নারী সংহতির সমন্বয়ক শ্যামলী শীল, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নি শিখা জামালী, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বিপ্লবী নারী ফোরামের সহসভাপতি আমেনা আক্তার, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, সংস্কৃতি মঞ্চের সংগঠক অরূপ রাহি ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক শম্পা বসু। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনের মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি নিয়ে যায়।