দেশের বেশির ভাগ নারী এখনো ‘রাঁধার পরে খাওয়া, খাওয়ার পরে রাঁধা’—এই চক্রে বাধা হয়ে আছেন। পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। তাই নারীর প্রতি সহিংসতা বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার প্ল্যান বাংলাদেশের ‘প্রটেকটিং হিউম্যান রাইটস’ কর্মসূচির উদ্যোগে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। এতে মাধ্যমিক বিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতাবিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।চট্টগ্রামের পটিয়া ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০টি বিদ্যালয়ের ওপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদনটি করা হয়েছে। এতে দেখানো হয়েছে, ছাত্রীরা এখনো বিভিন্নভাবে পিছিয়ে আছে। ইভ টিজিংসহ নানাভাবে ছাত্রীরা সহিংসতার শিকার হচ্ছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রটেকটিং হিউম্যান রাইটস কর্মসূচির কর্মকর্তা হেনরি অ্যালডারফার। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা এখনো এমন এক সমাজের কথা বলছি, যেখানে বেশির ভাগ নারীই রাঁধার পরে খাওয়া,খাওয়ার পরে রাঁধা’—এই চক্রে বাধা হয়ে আছেন।’শিক্ষায় প্রজনন স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে সমাজকল্যাণসচিব বলেন, এসব বিষয় চমৎকার, দক্ষ, বুদ্ধিদীপ্ত ও জোরালো হাতে লিখতে হবে। কাঁচা হাতে লিখলে সমস্যা হবে।সঞ্চালকের বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, শুধু দিবস পালনের মধ্যে নারীর ক্ষমতায়ন ও অধিকারের বিষয়টি হারিয়ে ফেললে হবে না।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত শিক্ষাসচিব ইকবাল খান চৌধুরী, দাতা সংস্থা ইউএসএইডের কর্মকর্তা অ্যালেকসাস বাটলার, প্ল্যান বাংলাদেশের উপ-কান্ট্রি পরিচালক আনোয়ার হোসাইন শিকদার, একশনএইডের খন্দকার লুৎফুল খালেদ প্রমুখ।