নারীর বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে: মতিয়া
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নারী জাগরণের মধ্য দিয়েই নারীর বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে। তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতারা জামায়াতের ফাঁদে পা দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নারীনেত্রী ও কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘নারীর প্রতি বিএনপি-জামায়াতের ঘৃণ্য অবমাননা-রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক ওই সভা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত ও হেফাজত যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে এখন চেতনার অগ্নিমশাল নারী জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নারীকে ঘরে বন্দী করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে ওই গোষ্ঠী থামিয়ে দিতে চাইছে বলে উল্লেখ করেন তিনি।সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক নাসরিন জাহান শেফালী, মহিলাবিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার প্রমুখ।