নারীর মানবাধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হচ্ছে সিডও সনদ
নারীর ক্ষমতায়নের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘের ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)’-এর পূর্ণ বাস্তবায়ন দরকার। এ ছাড়া ওই সনদ অনুমোদনকারী রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয় আইনের সঙ্গে সনদের বিভিন্ন ধারার সমন্বয় করার দায়বদ্ধতাও বাংলাদেশের রয়েছে।গতকাল সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা সিডও সনদ পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। বিচারপতি গোলাম রাব্বানী প্রধান অতিথি এবং আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম ও ইউএন উইমেনের জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক নাহিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, সিডও সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা সরকার সংরক্ষণ করে রেখেছে। অথচ এর সঙ্গে দেশের সংবিধানের সামঞ্জস্য রয়েছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় এ সনদ হচ্ছে একটি হাতিয়ার। কিন্তু অনুমোদনের ২৭ বছর পরও সনদের পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি।সভায় লিখিত বক্তব্য পড়েন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। সভা পরিচালনা করেন আইনবিষয়ক পরিচালক মাকছুদা আখতার। নির্ধারিত বিষয়ে আলোচনা করেন সংগঠনের সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক সীমা মোসলেম। বিজ্ঞপ্তি।