নারীরা পুরুষের চেয়ে তিনগুণ কাজ করে
নারীরা সমবয়সী একজন পুরষের চেয়ে তিন গুণ কাজ করে। অথচ জাতীয় আয়ের হিসাবে তা বিবেচনা করা হয় না। ১৫ বছর বয়সী একজন নারী সমবয়সী একজন পুরুষের তুলনায় প্রতিদিন গড়ে তিন গুণ কাজ করে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে পরিচালিত ‘জাতীয় অর্থনীতিতে নারীদের অবদান নিরূপণ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক জরিপ প্রকাশ করেছে। ওই জরিপ প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। খবর বাসসের।
জরিপ প্রতিবেদন বলা হয়েছে, প্রতিদিন একজন পুরুষ যেখানে গড়ে ২ দশমিক ৫ ঘণ্টা কাজ করেন, সেখানে একজন নারী কাজ করেন ৭ দশমিক ৭ ঘণ্টা। একজন নারী প্রতিদিন গড়ে ১২ দশমিক ১টি কাজ সম্পন্ন করেন যেখানে একজন পুরুষ করেন মাত্র ২ দশমিক ৭টি কাজ।
জাতীয় আয়ের হিসাবে বিবেচনা করা হয় না এমন কাজের প্রাক্কলিত বার্ষিক মূল্য (২০১৩-২০১৪ অর্থবছরে) জিডিপির ৭৬ দশমিক ৮ শতাংশ। অনুরূপভাবে গ্রহণযোগ্য মূল্য পদ্ধতি অনুযায়ী উপরোক্ত কাজের প্রাক্কলিত বার্ষিক মূল্য (২০১৩-২০১৪ অর্থবছরে) জিডিপির ৮৭ দশমিক ২ শতাংশের সমপরিমাণ।
সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন। জরিপ প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এই সরকার জিডিপির যৌথ অবদানে নারীদের স্বীকৃতি দেওয়ার উপায় খুঁজে বের করবে। সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মধ্যে এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।
মুস্তফা কামাল আরও বলেন, ‘কোনো বৈষম্য সহ্য করা হবে না। একই কাজে নারী ও পুরুষ সমান মজুরি পেতে হবে।’
অনুষ্ঠানে সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, সিপিডির সম্মনিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন।