রাজধানীতে গত দুই দিনে নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে কাওলা এলাকার নামাপাড়ায় একটি বাসার কক্ষের ভেতর থেকে মালেকা রহমান ওরফে মিনা (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনার পরিবার সূত্র জানায়, তাঁর স্বামী মো. আজিজ ও দেবর মোজাম্মেল আলী ব্রিটেনে থাকেন। কিছুদিন আগে মোজাম্মেল দেশে ফেরেন। আজিজ তাঁর মাধ্যমে স্ত্রী ও সন্তানের জন্য টাকা পাঠান। কিন্তু মোজাম্মেল পুরো টাকা আজিজের স্ত্রীর কাছে দেননি। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত বুধবার সন্ধ্যার পরও বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই মালেকা নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) তারেক মামুন জানান, এ ঘটনায় মালেকার ভাই শওকত আলী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মোজাম্মেলের বিরুদ্ধে মামলা করেছেন। মোজাম্মেল পলাতক রয়েছেন।বিমানবন্দর থানা সূত্র জানায়, গত বুধবার রাত নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টোদিকে একটি কাবাবের দোকানের কাছে বেপরোয়া গতির বাস অজ্ঞাতনামা এক নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে শাড়ি ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে বুধবার মধ্যরাতে বাড্ডার খিলবাড়িরটেক এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর হাত, পা ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। যুবকের পরনে সাদা রঙের লুঙ্গি ছিল।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার মিয়া জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া না গেলেও এলাকাবাসী ওই তাঁকে বিভিন্ন সময়ে মাদক সেবন করতে দেখেছে বলে পুলিশকে জানায়। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।