নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভোরে খিলক্ষেতের রিজেন্সি হোটেলের পাশের একটি গাছ থেকে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটিকে তাঁরা আত্মহত্যা বলে মনে করছেন।গতকাল সকাল সাড়ে আটটার দিকে বংশাল থানার সাত রওজায় একটি পাইপ কারখানায় কাজ করার সময় শ্রমিক আসাদ বিশ্বাস (২৫) বিদ্যুত্স্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর কেওয়া গ্রামে।গতকাল সকাল সাতটার দিকে পুলিশ মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ফ্লাইওভার থেকে পড়ে ওই যুবক মারা গিয়ে থাকতে পারেন।এর আগের দিন গত সোমবার বিকেলে পুলিশ খিলগাঁও থানার মেরাদিয়ার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ হাসিনা আক্তারের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে। তাঁর পরিবার জানায়, এক প্রতিবেশীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে না পেরে হাসিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এদিকে সোমবার রাতে মিরপুর থানার পুলিশ উত্তর পীরেরবাগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরেক গৃহবধূ রিনা আক্তারের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে রিনা আত্মহত্যা করেন।