নার্স নিয়োগসহ চার দফা দাবিতে মানববন্ধন
পাঁচ হাজার নার্স নিয়োগসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বেকার নার্সরা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নার্স নেত্রীরা বলেন, পাঁচ হাজার নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণার তিন বছর পার হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি আদায়ে ১১ সেপ্টেম্বর তাঁরা বিক্ষোভসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।বেকার নার্সদের অন্য দাবিগুলো হলো: একই কারিকুলামে ২০১০ সাল পর্যন্ত পাস করা ডিপ্লোমা বেকার নার্সদের আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা অনুসারে অতিসত্বর নিয়োগ দিতে হবে। নার্স-সংকট নিরসনে চিকিৎসকদের মতো বেকার নার্সদের সাধারণ কোটা থেকে নিয়োগ দিতে হবে। মিডওয়াইফারি পদেও অপেক্ষমাণ বেকার নার্সদের নিয়োগ দিতে হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নার্সেস অ্যাসোসিয়েশনসহ একাধিক সংগঠন বেকার নার্সদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।