নার্স পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনকে জ্যেষ্ঠ স্টাফ নার্স পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রায় অর্ধকোটি টাকা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র।

গতকাল শনিবার রাজধানীর রমনা ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমরান হোসেন (৪১) ও আহম্মদ উল্লাহ ওরফে ফয়সাল (২৭)।

ডিবি বলছে, চক্রের সদস্যরা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। পরীক্ষা শেষে প্রার্থীরা কেন্দ্র থেকে বের হলে তাঁদের টার্গেট করে কথা বলেন তাঁরা; দেন চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন। কোনো প্রার্থী রাজি হলে তাঁর কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন সদস্যরা। পরে এই নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

এ নিয়ে সাদিয়া খাতুন নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত শুরু করে ডিবি। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার নাজমুল হক প্রথম আলোকে বলেন, চক্রের মূল হোতা এমরান হোসেন একটি ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী। তিনি বিভিন্ন পরিচয়ে নার্স হিসেবে চাকরি দেওয়ার কথা বলে অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন।

ডিবি জানায়, ঢাকার একটি পরীক্ষাকেন্দ্র থেকে বের হওয়ার পর এমরান হোসেনের সঙ্গে চাকরি প্রার্থী সাদিয়ার পরিচয় হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। একপর্যায়ে এমরান তাঁকে (সাদিয়া) বলেন, তিনি ওই হাসপাতালের অনকোলজি বিভাগে কর্মরত। তিন লাখ টাকা দিলে তাঁকে চাকরি দিতে পারবেন তিনি।

প্রস্তাবে রাজি হয়ে সাদিয়া এমরানকে দেড় লাখ টাকা অগ্রিম দেন। বাকি টাকা চাকরিতে যোগদানের পর দিতে চেয়েছিলেন সাদিয়া। ডিবি সূত্র বলেছে, এমরানের দেওয়া নিয়োগপত্র নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান সাদিয়া। সেখানে যাওয়ার পর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।