নার্সদের অনশন কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পাওয়ায় পর গতকাল বুধবার বিকেল চারটায় নির্ধারিত আত্মাহুতি কর্মসূচি বাতিল এবং অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী নার্সরা। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে জেলা কোটা অনুসরণের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে গত ৯ ফেব্রুয়ারি থেকে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন অনশন কর্মসূচি শুরু করে। অ্যাসোসিয়েশনের সভাপতি তাছলিমা বেগম প্রথম আলোকে জানান, বিকেল তিনটার দিকে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগ সমর্থকদের সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান মুক্তাঙ্গনে এসে দাবি মানার কথা জানান। তারপর তিনি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পর মন্ত্রী আশ্বাস দেন, নার্স নিয়োগে কোনো জেলাকেই বাদ দেওয়া হবে না। আগের ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার নিয়ম মেনেই নার্সদের নিয়োগ দেওয়া হবে। পরে মুক্তাঙ্গনে ইকবাল আর্সলান এসে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের অনশন ভাঙান। এর আগে সাংসদ রাশেদ খান মেননও অনশনকারীদের দেখতে যান।অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পাওয়া গেছে। আশ্বাস বাস্তবায়িত হলে সরকারের সদিচ্ছার পরিচয় পাওয়া যাবে।