নাশকতা ঠেকানোর আহ্বান মহানগর আওয়ামী লীগের
হেফাজতে ইসলামের লংমার্চে ঢুকে জামায়াতে ইসলামী নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সম্ভাব্য এই নাশকতা ঠেকানোর প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানানো হয়। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নেতা-কর্মীদের বলেন, ‘হেফাজতে ইসলামের লংমার্চে জামায়াত ঢুকে নাশকতা চালাতে পারে। তাই ওই দিন আপনারা তাদের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবেন। প্রতিটি থানা ও ওয়ার্ডে সভা-সমাবেশ করতে হবে।’মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।